২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘চাঁদাবাজি’র সময় গণপিটুনিতে হত্যা মামলার আসামি নিহত

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ‘চাঁদাবাজি’র সময় গণপিটুনিতে একজন নিহত ও তার সঙ্গে থাকা আরেকজন গুরুতর আহত হয়েছে, যারা দুইজনই এক ছাত্রলীগ নেতার হত্যা মামলার আসামি বলে পুলিশ জানিয়েছে। 

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2014, 12:44 AM

Updated : 22 Aug 2022, 07:53 PM

রোববার সন্ধ্যা সাতটার দিকে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুরের গলাচিপা নামক স্থানে চাঁদাবাজির সময় মোহাম্মদ আমিন (৩৩) ও মাহবুবুল আলমকে (৩২) স্থানীয় জনতা ধরে পিটুনি দেয় ও ধারালো অস্ত্র দিয়ে কোপায়।

এক পর্যায়ে গুরুতর আহত দুইজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মাহবুবের মৃত্যু হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি কাটা রাইফেল ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করেছে।  

রাঙ্গুনিয়া থানার পরিদর্শক (তদন্ত) চন্দন চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাহবুব ও আমিন তার সহযোগীদের নিয়ে চাঁদাবাজি করার সময় স্থানীয় উত্তেজিত জনতা দুইজনকে ধরে পিটুনি দিয়ে গুরুতর আহত করে ফেলে রাখে।”

পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহবুবকে মৃত ঘোষণা করেন।

আমিন ও মাহবুব দুইজনই উত্তর জেলা ছাত্রলীগ নেতা রাশেদ মিয়া চৌধুরী হত্যা মামলার আসামি বলে জানান ওসি চন্দন চক্রবর্তী।

২০১২ সালের ১১ অগাস্ট রাতে গলাচিপায় রাশেদকে কুপিয়ে হত্যা করার পর আমিন গ্রেপ্তারও হয়েছিলেন। পরে তিনি জামিনে বেরিয়ে আসেন। নিহত মাহবুব এতদিন পলাতক ছিল।            

মো. আমিন ওরফে কসাই আমিন ইসলামপুর ইউনিয়নের কবির আহমদ পাড়ার মৃত ফয়েজ আহমদের পুত্র। নিহত মাহবুব আলমও একই গ্রামের মৃত আমিরুজ্জামানের পুত্র।

আমিনকে হাসপাতালে পুলিশি হেফাজতে চিকিৎসা দেয়া হচ্ছে।

পুলিশ কর্মকর্তা চন্দন বলেন, তাদের দুইজনের বিরুদ্ধে থানায় হত্যামামলাটি ছাড়াও আরও বেশ কয়েকটি মামলা রয়েছে।