চট্টগ্রামে প্রথমদিনের অভিযানে ছয়টি বিলবোর্ড অপসারণ
প্রথম দিনেই বাধার মুখে পড়েছে পূর্ব ঘোষণা দিয়ে শুরু চট্টগ্রাম নগরীর অবৈধ বিলবোর্ড উচ্ছেদের অভিযান।
রোববার সকাল ১১ থেকে বিকাল ৪টা পর্যন্ত পাঁচ ঘণ্টাব্যাপী এই অভিযানে মোট ছয়টি বিলবোর্ড উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট।
তবে ছয়টি বিলবোর্ডের মধ্যে চারটি উচ্ছেদের বিষয়েই আপত্তি জানিয়েছে বিলবোর্ডগুলোর মালিক ও বিলবোর্ড মালিকদের সংগঠন।
এদিকে অভিযান চলাকালে সিটি কর্পোরেশনের রাজস্ব কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। বিলবোর্ড অপসারণের সময় সিসিসি’র ম্যাজিস্ট্রেটকেও বাধার মুখে পড়তে হয়েছে।
দীর্ঘদিন ধরে সড়ক যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বন্দর নগরীর অবৈধ বিলবোর্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করছিলেন। গত চার বছরে সিসিসি মাত্র ৬৮টি বিলবোর্ড উচ্ছেদ করে।
এ পরিস্থিতিতে গত বৃহস্পতিবার এক সভায় চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার আবদুল জলিল মন্ডল বিলবোর্ড উচ্ছেদে অভিযান শুরুর ঘোষণা দেন।
এরপর শুক্র ও শনিবার নগরীতে অবৈধ বিলবোর্ড সরিয়ে নিতে মাইকিং করা হয়। রোববার সকালে সিটি করপোরেশনের তালিকা অনুসারে অবৈধ বিলবোর্ড উচ্ছেদে অভিযান শুরু হয়।
সিসিসি’র করা তালিকায় নগরীতে বৈধ বিলবোর্ড ছয় হাজার ৪৮৫টি আর অবৈধ বিলবোর্ড ৩৫৪টি।
চারটিতেই বাধা
রোববার দিনভর চলা অভিযানে উচ্ছেদ করা ছয়টি বিলবোর্ডের মধ্যে চারটির ক্ষেত্রেই বাধা দিয়েছে বিলবোর্ড মালিকরা।
অভিযানে নেতৃত্ব দেয়া ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিলবোর্ডগুলো ওয়ান্ডার ভিউ, অ্যাড গার্ডেন ও স্বদেশ অ্যাড নামের প্রতিষ্ঠানের। ছয়টি বিলবোর্ডের বিপরীতে মোট ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”
এরমধ্যে অ্যাড গার্ডেনের মালিক নগর যুবলীগের কমিটির সদস্য সনত বড়ুয়া এবং ওয়ান্ডার ভিউর মালিক নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু।
চট্টগ্রামের ওয়াসা মোড় এলাকা থেকে অবৈধ বিল বোর্ড উচ্ছেদ অভিযান চালায় সিটি কর্পোরেশন ও পুলিশ। ছবি: সুমন বাবু/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
শুরুতে ওয়াসা মোড়ে প্রথম বিলবোর্ডটি উচ্ছেদে কোনো বাধা দেয়া হয়নি।
এরপর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের পশ্চিম গেট সংলগ্ন বিলবোর্ড উচ্ছেদের উদ্যোগ নিলেই বাধা দেয়া শুরু হয়।
তবে সর্বশেষ বোর্ডবিহীন একটি পোল অপসারণ করা হয় বাধা ছাড়াই।
এ বিষয়ে নাজিয়া শিরিন বলেন, “বিলবোর্ডে স্টিকার লাগানো আছে এ দাবিতে তারা উচ্ছেদ করতে নিষেধ করেছিল। তবে স্মারক নম্বর না থাকায় আমরা উচ্ছেদ করে ফেলেছি।”
প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযান চলাকালে বাধা দেন সনত বড়ুয়া, মহিউদ্দিন বাচ্চুর ভাই হেলাল উদ্দিন, মাঈন উদ্দিন মিন্টু ও মেজবাহ উদ্দিন।
এ বিষয়ে জানতে চাইলে মহিউদ্দিন বাচ্চু বলেন, “আমি ঢাকায় ছিলাম। আমার লোকজন শুধু বলেছে-বিলবোর্ড বৈধ। পরে অভিযানে আসারা স্বীকারও করেছে বিলবোর্ড বৈধ।
“তালিকায় থাকা বিলবোর্ড উচ্ছেদ না করে কেন বাইরেরগুলো উচ্ছেদ করা হচ্ছে। তাহলে বুঝতে হবে অন্য উদ্দেশ্য আছে।”
সিসিসি’র রাজস্ব কর্মকর্তা শামসুল ইসলাম বলেন, “অবৈধ বিলবোর্ডের পাশাপাশি তালিকায় না থাকা দুটি বিলবোর্ডও উচ্ছেদ করা হয়েছে। এগুলো অনুমোদিত আকারের চেয়ে বড়, বিপদজ্জনক ও দৃষ্টিকটু এ বিবেচনায় ম্যাজিস্ট্রেট মহোদয় উচ্ছেদের নির্দেশ দেন।”
রাজস্ব কর্মকর্তা লাঞ্ছিত
অভিযান চলার সিসিসি’র রাজস্ব কর্মকর্তা শামসুল আলমকে শারীরিকভাবে লাঞ্চিত করার অভিযোগ পাওয়া গেছে।
অভিযান চলাকালে বিলবোর্ড মালিকদের কয়েকজন লোক তার সাথে ‘গাদ্দারি’ করেন বলে অভিযোগ করলেও লাঞ্ছনাকারীদের নাম জানাতে পারেননি শামসুল আলম।
বিকাল ৩টার দিকে অভিযান পরিদর্শনে যান সিএমপি কমিশনার আবদুল জলিল মন্ডল। তবে তার কাছে কেউ এ বিষয়ে অভিযোগ করেনি বলে দাবি কমিশনারের।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, লালখান বাজার মোড়ের কাছে একটি বিলবোর্ড উচ্ছেদের উদ্যোগ নিলেই কয়েকজন ছাত্রলীগ নেতা বাধা দেন।
ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিনের সাথে উত্তপ্ত বাক্য বিনিময়ের এক পর্যায়ে শামসুল আলম এগিয়ে গিয়ে কথা বলতে চাইলে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়া হয়।
এ বিষয়ে সিসিসি’র রাজস্ব কর্মকর্তা শামসুল আলম বলেন, “বিলবোর্ড মালিকের পক্ষে কয়েকজন ছেলেপেলে গাদ্দারি করে। আমি তাদের চিনি না। তাদের সাথে আমার পরিচয় নেই।”
এ বিষয়ে যুবলীগ আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু বলেন, “আমি শামসুল আলম সাহেবের সাথে কথা বলেছি। আমার কোনো লোকের সাথে তার কোনো ঝামেলা হয়নি। আপনি কথা বলে দেখেন।”
বাধা দানের বিষয়ে জানতে চাইলে অভিযান তত্ত্বাবধানের দায়িত্বে থাকা সিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন, অর্থ ও ট্রাফিক) এ কে এম শহিদুর রহমান বলেন, “লালখান বাজার মোড়ের দিকে লোকজন জড়ো হচ্ছিল। জানার পর আমরা তাদের সরিয়ে দিই। কিন্তু বাধা দেয়ার কোনো অভিযোগ পাইনি।”
সিএমপি কমিশনার আবদুল জলিল মন্ডল বলেন, “আমি বিষয়টি শুনে জানতে চেয়েছিলাম। কিন্তু তারা কাউকে দেখাতে পারেনি। উনিও (শামসুল আলম) আমাকে কোনো অভিযোগ করেননি।”
বাধাদানকারীরা যুবলীগ-ছাত্রলীগের অনুসারী হওয়ায় ভয়ে অভিযোগ করেনি কি না জানতে চাইলে আবদুল জলিল মন্ডল বলেন, “আমি অভিযান পরিদর্শনে গিয়েছিলাম। তখন যুবলীগ-ছাত্রলীগ কেউ তো আমার সামনে আসেনি।
“হয়ত তো তারা জুজুর ভয় পাচ্ছে। আর জুজুর ভয়ের বিষয়টি বলছে। এক্ষেত্রে সবাই অান্তরিক হওয়া উচিত। যেই বাধা দিক অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেব।“
