২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৭২ ঘণ্টার মধ্যে কালিগঙ্গা ভরাট বন্ধের আদেশ

মানিকগঞ্জের কালিগঙ্গা নদীতে স্থাপনা নির্মাণ ও ভরাট বন্ধে ৭২ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2014, 10:13 PM

Updated : 22 Aug 2022, 07:52 PM

এক রিট আবেদনের প্রাথমিক শুনানির পর রোববার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের বেঞ্চ এ আদেশ দেয়।

মানিকগঞ্জের জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার, এডিসি (ভূমি), ঘিওরের উপজেলা নির্বাহী কর্মকর্তা, ভারপ্রাপ্ত কর্মকর্তা, আকিজ পার্টিকেল বোর্ড লিমিটেডের মহাব্যবস্থাপককে এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

একইসঙ্গে সিএস/আরএস খতিয়ান অনুসারে নদীরক্ষায় কেন নির্দেশনা দেওয়া হবে না তা জানতে চেয়েছে আদালত।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

স্থাপনা নির্মাণ/দখল/ভরাট বন্ধ ও উচ্ছেদে কেন নির্দেশনা দেওয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে।

দুই সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার সচিব ও পরিবেশ সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালক (বাস্তবায়ন), বিআইডব্লিউটিএর চেয়ারম্যানসহ অন্য বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ ও প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন-২০০০ লংঘন করে মানিকগঞ্জের তোরা ব্রিজ এলাকায় নদী দখল হচ্ছে অভিযোগ করে এই রিট হয়।

গত ৯ নভেম্বর করা এই রিটের বাদী অ্যাডভোকেট আসাদুজ্জামান সিদ্দিকী ও অ্যাডভোকেট মো. এখলাস উদ্দিন ভূঁইয়া।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন মনজিল মোরসেদ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোতাহার হোসেন সাজু।