বিচারকদের বয়স দ্রুত বাড়াতে আপিল বিভাগের তাগিদ
নিম্ন আদালতের বিচারকদের বয়স বাড়ানোর প্রক্রিয়া দ্রুত শেষ করতে রাষ্ট্রপক্ষকে তাগাদা দিয়েছে আপিল বিভাগ।
রাষ্ট্রের প্রধান নির্বাহীও বিচারকদের বয়স বাড়াতে একমত বলে আদালতকে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
রোববার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের আট বিচারপতির বেঞ্চে শুনানিতে একথা জানান তিনি।
আদালত শুনানি শেষে আগামী ১৪ ডিসেম্বর মাসদার হোসেন মামলার পরবর্তী শুনানির দিন রেখেছে।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন মাহবুবে আলম। বাদীপক্ষে ছিলেন ব্যারিস্টার এম আমীর উল ইসলাম।
শুনানিতে ব্যারিস্টার আমীর বলেন, আগামী সপ্তাহে বা তার পরের সপ্তাহের মধ্যে এই নির্দেশনা কার্যকর না করা গেলে বিচার বিভাগে অভিজ্ঞতার শূন্যতা সৃষ্টি হবে। এই সময়ের মধ্যে অভিজ্ঞতাসম্পন্ন ৪৮ জন জেলা জজ অবসরে যাবেন। তারা বিদায় নিলে মামলার মান ও নিষ্পত্তির হারে এর প্রভাব পড়বে।
বর্তমানে জেলা জজ ও সমপদমর্যাদার ১৭৯ জন বিচারক রয়েছেন, যাদের অধিকাংশই নবীন বলে আদালতকে জানান ব্যারিস্টার আমীর।
তিনি বলেন, ২০১২ সালের ১ অক্টোবর আপিল বিভাগ নিম্ন আদালতের বিচারকদের বয়স ৬২ বছর করার নির্দেশনা দেন।
প্রধান বিচারপতি নিম্ন আদালতের বিচারকদের বয়স বাড়াতে আদালতের নির্দেশনা বাস্তবায়নে সরকারের পদক্ষেপ সম্পর্কে অ্যাটর্নি জেনারেলের কাছে জানতে চান।
জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, বয়স বৃদ্ধির বিষয়ে রাষ্ট্রের প্রধান নির্বাহীও একমত। তবে এর প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত কথা বলে এটা জানাতে হবে।
আদালত এই প্রক্রিয়া দ্রুত শেষ করার তাগিদ দিলে অ্যাটর্নি জেনারেল আগামী ডিসেম্বর পর্যন্ত সময় চান। এ সময় অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ্য করে পেছন থেকে তার এক সহকারী বলে উঠেন, “এই সময়ের মধ্যে পারবেন?”
কথাটি বিচারকরাও শুনতে পেলে এটা নিয়েই বেশ কিছুক্ষণ কথা হয়।
এ সময় এক বিচারক অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ্য করে বলেন, “হিন্দি সিরিয়াল দেখেছেন? হিন্দি সিরিয়াল শেষ হতে পাঁচ বছর লেগে যায়। আমাদের এটাতো ১৫ বছরেও শেষ হলো না।”
অন্য এক বিচারক বলেন, “না পারলে ১৬ ডিসেম্বর (ওইদিন আদালত বন্ধ থাকে) দেই। প্রয়োজনে ২০১৬ সালের ১৬ ডিসেম্বর দেই।”
ব্যারিস্টার আমীরের বক্তব্যের সূত্র ধরে প্রধান বিচারপতি বলেন, “স্বল্প সময়ের মধ্যে ৪৮ জন বিচারক অবসরে গেলেতো সত্যিই একটা সমস্যা সৃষ্টি হবে। বিশেষ করে, সিভিল মামলা নিষ্পত্তির ক্ষেত্রে আমরা অভিজ্ঞতাসম্পন্ন এত বিচারক কোথায় পাবো?”
শুনানির এক পর্যায়ে আদালত আগামী ১৪ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন রেখে ওই দিনের মধ্যে অগ্রগতি জানাতে বলেন।
পরে অ্যাটর্নি জেনারেল আদালতকে বলেন, “আমরা বেতন-ভাতা সংক্রান্ত সুপারিশ বাস্তবায়ন করেছি। খাজাঞ্চিখানা থেকে টাকা আনা সবচেয়ে কঠিন। তাই অন্য সুপারিশগুলো বাস্তবায়ন করতে পারবো বলে আশা করি।”
তিনি বলেন, এই বয়স বাড়ালে অন্য সরকারি কর্মকর্তাদের মধ্যে কী প্রভাব পড়ে সেটা অনেক সময় সরকারকে দেখতে হয়। যদিও বিচারকদের সঙ্গে অন্য বিভাগের কর্মকর্তাদের কোনও তুলনা করা ঠিক না।
“এই যেমন, সুপ্রিম কোর্টের বিচারকরা ৬৭ বছর বয়সে অবসরে যান। এটাতো আর কোথাও নেই। এইভাবে নিম্ন আদালতের বিচারকদেরকে আলাদাভাবেই দেখতে হবে।”
২০০৯ সালের জুনে জুডিশিয়াল সার্ভিস কমিশন নিম্ন আদালতের বিচারকদের বয়স ৬২ বছর করতে সুপারিশ করে। সেই সময় অবসরের বয়স ছিলো ৫৭ বছর।
২০১১ সালে প্রশাসনের অন্য কর্মকর্তাদের সঙ্গে এই শ্রেণির বিচারকদের বয়সও বাড়িয়ে ৫৯ বছর করা হয়। মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে এই সীমা ৬০ বছর।
বিখ্যাত মাসদার হোসেন মামলাতেই বিচার বিভাগ আলাদা হয়। সর্বোচ্চ আদালতে এই মামলার চূড়ান্ত নিষ্পত্তি হলে গেলেও গুরুত্ব বিবেচনায় এটিকে চলমান (ম্যান্ডামাস) রাখা হয়।
