অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র
কারসাজির মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তাসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার অভিযোগপত্রে অনুমোদন দেয়া হয় বলে জানিয়েছেন কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।
অভিযুক্তরা হলেন- অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সিএও (সাময়িক বরখাস্ত) মো. শরিফুল ইসলাম, তার স্ত্রী খাদিজা খাতুন দিনা, তিন ভাই মো. সাদেকুল ইসলাম, মো. ফিরোজ কবির ও মুরাদ মোর্শেদ, সুফিয়া সরকার ও ভাগ্নে মো. তানভীর সরকার।
২০১২ সালে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতনের এক কোটি ৩৩ লাখ টাকা আত্মসাতের ঘটনা তদন্ত শুরু করে দুদক। ওই বছর ১৭ জুলাই রাজধানীর রমনা মডেল থানায় একটি মামলা করে কমিশন।
প্রণব কুমার বলেন, “ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইফটি) মাধ্যমে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে বেতন-ভাতার টাকা ট্রান্সফার করা হয়। অভিযুক্ত শরিফুল ইসলাম অর্থ স্থানান্তরের ক্ষেত্রে একজন প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তা।
“২০১১ সালে তিনি তার ছয় আত্মীয়ের সঙ্গে যোগসাজশে তাদের অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা হিসেবে দেখিয়ে ডাচ-বাংলা ব্যাংকে ছয়টি অ্যাকাউন্ট খোলেন এবং একাউন্টগুলোর সঙ্গে ইএফটি অ্যাকাউন্ট যুক্ত করেন।”
কমিশনের এই কর্মকর্তা জানান, ছয়টি অ্যাকাউন্টে মোট এক কোটি ৩৩ লাখ টাকা পাওয়া গেছে, যা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতনভাতা থেকে জালিয়াতির মাধ্যমে সরানো হয়েছে।
“আসামিরা এই টাকা থেকে মোট ৬৯ লাখ টাকা উত্তোলন করেছেন বলে অনুসন্ধানে জানা গেছে। বাকি টাকা ফ্রিজ করা হয়েছে।”
