২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দেড় বছর পর কিশোরকে ফেরত দিল বিএসএফ

ভারত সীমান্ত থেকে ধরে নেওয়ার প্রায় দেড় বছর পর এক বাংলাদেশি কিশোরকে ফেরত দিয়েছে বিএসএফ।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2014, 05:35 PM

Updated : 22 Aug 2022, 07:53 PM

রোববার দুপুরে আসা ওমর ফারুক (১৬) নামের ওই কিশোর ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামের শামসদ্দিন আহমেদের ছেলে।

চুয়াডাঙ্গার দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার খোরশেদ আলম জানান, দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্তের চেক পোস্ট দিয়ে ফারুককে ফেরত দেয় বিএসএফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিজিবি কর্মকর্তা জানান, গত বছরের ৩১ জুলাই ওমর ফারুক বাবা-মায়ের সঙ্গে অভিমান করে ঝিনাইদহের শ্যামকুড় সীমান্তের ৬১ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে ভারতের ভেতর প্রবেশ করে।

তখন ভারতের ফতেহপুর ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাকে আটক করে কৃষ্ণনগর থানায় হস্তান্তর করে।

এরপর সেদেশের আদালতে হাজির করা হলে ফারুক অপ্রাপ্তবয়স্ক হওয়ায় আদালত তাকে কৃষ্ণনগর নিরাপত্তা হেফাজতে (সেফ হোম) রাখার নির্দেশ দেয়।

এদিকে বিজিবি ফারুককে ফেরত পেতে বিএসএফের সঙ্গে কয়েকদফা পতাকা বৈঠক করে। এক বছর চার মাস সেফ হোমে থাকার পর রোববার দুপুরে চূড়ান্ত পতাকা বৈঠকের মাধ্যমে তাকে বিএসএফ ফেরত দেয় বলে জানান সুবেদার খোরশেদ।

পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার খোরশেদ আলম,  চেকপোস্ট ইমিগ্রেশন ইনচার্জ এসকে মাহবুবর রহমান এবং ভারতের পক্ষে ছিলেন গেদে বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসি দিপক থাপ্পা ও ইমিগ্রেশন ইনচার্জ এসআই সঞ্জয় গুহ।

পরিবারের কাছে হস্তান্তরের জন্য ওমর ফারুককে দামুড়হুদা থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবির এ কোম্পানি কমান্ডার।