রাবি শিক্ষক হত্যার প্রতিবাদ ঢাবি-জাবিতে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ কে এম শফিউল ইসলামের হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ হয়েছে ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে।
রোববার সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা, যাতে শিক্ষকরাও যোগ দেন। অন্যদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে ছাত্র ইউনিয়ন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক শফিউলকে শনিবার বিকালে ক্যাম্পাস সংলগ্ন এলাকায় কুপিয়ে হত্যা করা হয়। তার একমাত্র ছেলে সৌমিন সাহরিদ জাভিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন।
‘বিক্ষুব্ধ শিক্ষার্থী’ ব্যানারে অপরাজেয় বাংলার সামনে মানববন্ধনের পর মিছিল বের করে শিক্ষার্থীরা। স্লোগানে শিক্ষক হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তি দাবি করা হয়।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রধান অধ্যাপক আখতার সুলতানা বলেন, “শিক্ষক হত্যাকাণ্ড চলতে থাকলে হত্যাকারীদের সাহস বেড়ে যাবে। এই হত্যাকাণ্ডের দায় সরকার এড়াতে পারে না। হত্যাকাণ্ডের দায় সরকারকে নিতে হবে।”
দেশে হত্যার ‘উৎসব’ চলছে দাবি করে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক শেখ আব্দুস সালাম বলেন, সরকার অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক চেতনার কথা বলে। কিন্তু অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক চেতনা বিপদসঙ্কুল। তারই ধারাবাহিকতায় লালনভক্ত অসাম্প্রদায়িক চেতনার ধারক শফিউল ইসলামকে হত্যা করা হয়েছে।
রাজশাহীতে শিক্ষক হত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় উল্লেখ করে একই বিভাগের শিক্ষক রোবায়েত ফেরদৌস বলেন, এই বিশ্ববিদ্যালয়ে গত এক দশকে তিনজন শিক্ষককে হত্যা করা হয়েছে। এমন হত্যাকাণ্ড ঢাকা বিশ্ববিদ্যালয়েও ঘটেছে। তবে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার পান না শিক্ষকরা।
“বর্তমানে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে। জবাবদিহির জায়গাটা আলগা হয়ে গেছে। এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সরকারের ওপর চাপ প্রয়োগ করতে হবে।”
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক তানজিমউদ্দীন খান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ম্যাথিউস চিরান ও মীর আশাদুল হক প্রমুখ।
এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক কাবেরী গায়েন, মফিজুর রহমান, ফাহমিদুল হকসহ অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা ।
শিক্ষক হত্যাকাণ্ডের বিচারে দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও প্রগতিশীল ছাত্রজোটও।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়ন বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে অধ্যাপক শফিউল হত্যার প্রতিবাদ জানিয়েছে।
রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে বটতলায় গিয়ে সমাবেশ করে।
সমাবেশে ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তন্ময় ধর বলেন, “রাষ্ট্র যদি জনগণের নিরাপত্তা দিতে না পারে তাহলে জনগণের টাকা খরচ করে র্যাব-পুলিশকে কেন পালা হচ্ছে? আমরা আর নিরাপত্তাহীনতায় ভুগতে চাই না।”
সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক মঞ্জুর মঈন, জাবি সংসদের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম জিন্নাহ, বর্তমান সাধারণ সম্পাদক দীপাঞ্জন সিদ্ধান্ত কাজল, কোষাধ্যক্ষ আবিদ সরকার সোহাগ প্রমুখ।
