শিক্ষক হত্যা: রাজনৈতিক কারণও গোয়েন্দা ভাবনায়
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শফিউল ইসলাম হত্যাকাণ্ডে কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা আছে কি না তদন্তে সে বিষয়টিও গোয়েন্দারা খতিয়ে দেখছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন বিহাস এলাকায় শনিবার বিকালে কুপিয়ে হত্যা করা হয় সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. এ কে এম শফিউল ইসলাম লিলনকে, যিনি বাউল সাধক লালন ভক্ত ছিলেন।
কারা, কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সে বিষয়ে এখনো কিছু জানাতে পারেনি পুলিশ।
রোববার সচিবালয়ে নিজের কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, “গোয়েন্দারা বিভিন্ন মোটিভ নিয়ে মাঠে কাজ শুরু করেছে। এটা পলিটিক্যাল হতে পারে আবার জঙ্গিদের কাজও হতে পারে। কোনো কিছু সুনির্দিষ্ট করে এখনই বলা যাবে না।”
তবে যে কারণেই এই অধ্যাপককে হত্যা করা হয়ে থাকুক না কেন তা উদঘাটন করা হবে বলে উল্লেখ করেন তিনি।
এদিকে রাতেই ফেইসবুকে আনসার আল ইসলাম বাংলাদেশ-২ নামে একটি পৃষ্ঠায় এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করা হয়েছে। পৃষ্ঠাটি খোলা হয়েছে অধ্যাপক শফিউলকে(৪৮) হত্যার ঘণ্টা পাঁচেক পর।
পৃষ্ঠায় ওই গোষ্ঠীর পরিচয়ে বলা হয়েছে, “উই আর দ্য হেল্পারস অব শরিয়া ইন বাংলাদেশ। উই আর মুজাহিদিন সাবিলিল্লাহ।”
তবে এ নামে বাংলাদেশে কোনো সংগঠনের কার্যক্রম আছে কি না- সে বিষয়ে এখনো নিশ্চিত নয় পুলিশ। নজর অন্য দিকে সরিয়ে দিতে এই পেইজ খুলে এভাবে দায় স্বীকার করা হচ্ছে কি-না তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
সহকর্মীকে হত্যার প্রতিবাদে রোববার সব ধরনের ক্লাস ও পরীক্ষা বর্জন করে ক্যাম্পাসে পদযাত্রা ও শোক সমাবেশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকারীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন তারা।
অধ্যাপক শফিউলকে হত্যা শুধু একজন ব্যক্তি নয়,‘প্রতিষ্ঠানকে হত্যা’ মন্তব্য করে মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. শাহ আজম সমাবেশে বলেন,“আজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা একদিকে শোকাহত অন্যদিকে শঙ্কিত। যারা গণতন্ত্রের কথা বলে, স্বাধীনতার কথা বলে তাদের যদি এভাবে হত্যা করা হয় তাহলে সেটা কোনো ব্যক্তি নয়, বিশ্ববিদ্যালয়কে হত্যা করা হয়।”
গত এক দশকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৃতীয় শিক্ষক হিসেবে খুন হলেন শফিউল ইসলাম।
২০০৬ সালের ১ ফেব্রুয়ারি ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক এস তাহেরকে তার ক্যাম্পাসের বাসায় হত্যা করে লাশ বাসার পাশের ম্যানহোলে ঢুকিয়ে রাখা হয়েছিল।
তার আগে ২০০৪ সালে ক্যাম্পাস সংলগ্ন বিনোদপুর গ্রামে খুন হয়েছিলেন অর্থনীতি বিভাগের অধ্যাপক মো. ইউনূস আলী। তাকে হত্যার দায়ে দুই জঙ্গির মৃত্যুদণ্ড হয়।
