চট্টগ্রামে ধর্মঘট: সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ
চট্টগ্রামে পরিবহন ধর্মঘটীদের সঙ্গে মহানগর পুলিশের বৈঠক হলেও কোনও সিদ্ধান্ত ছাড়াই তা শেষ হয়েছে।
অবশ্য ধর্মঘট আহ্বানকারী বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন এ বিষয়ে সিদ্ধান্ত নিতে রোববার বিকালে বৈঠক ডেকেছে।
তারা বলেছেন, ফেডারেশনের অন্তর্ভুক্ত ৩৬ সংগঠনের নেতাদের সঙ্গে আলাপের পর ধর্মঘট নিয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
পাঁচ দফা দাবিতে চট্টগ্রামের পাঁচ জেলায় বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকে রোববার সকাল ৬টা থেকে ২৪ ঘণ্টার পরিবহন ধর্মঘট চলছে।
এ কারণে সকাল থেকে নগরী ও জেলায় গণপরিবহন ও পণ্যবাহী পরিবহন চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।
রোববার বেলা ১২টায় সিএমপি কার্যালয়ে কমিশনার আবদুল জলিল মন্ডলের সভাপতিত্বে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শ্রমিক নেতারা নিজেদের দাবি ব্যাখ্যা করেন।
সভা শেষে পুলিশ কমিশনার আবদুল জলিল মন্ডল বলেন, “গতকাল রাতে আমি ধর্মঘটের বিষয়ে জানতে পারি। তখনই আলোচনার উদ্যোগ নিই। স্বীকার করি আপনাদের দাবি যৌক্তিক।”
এ সময় সাধারণ মানুষের কথা চিন্তা করে ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানান তিনি।
তবে শ্রমিক ফেডারেশনের পূর্বাঞ্চলের সভাপতি মৃণাল চৌধুরী বলেন, দীর্ঘ দিনের আন্দোলন ও বারবার প্রতিশ্রুতি পেলেও বাস্তবায়ন না করায় সতর্কতা হিসেবে ধর্মঘটের কর্মসূচি তারা দিয়েছেন।
“এককভাবে তা প্রত্যাহারের সিদ্ধান্ত দেওয়া সম্ভব নয়। সব সংগঠনের প্রতিনিধিদের সাথে আলাপ করে বিকালে সিদ্ধান্ত জানাব।”
ইতোমধ্যে নৌমন্ত্রী শাজাহান খানের সঙ্গে এ বিষয়ে আলাপ হয়েছে বলে জানান পুলিশ কমিশনার আবদুল জলিল মন্ডল ও ফেডারেশনের নেতা মৃণাল চৌধুরী।
ধর্মঘট আহ্বানকারী পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নৌমন্ত্রী শাজাহান খান।
পুলিশ কমিশনারের সঙ্গে সভায় শ্রমিক নেতারা ঢাকা-চট্টগ্রাম এবং দক্ষিণ ও উত্তর চট্টগ্রামের বাসের জন্য কোনও টার্মিনাল না থাকা, ট্রাক টার্মিনাল নির্মাণের জন্য জমি বরাদ্দের পরও কাজ শুরু না হওয়া, কভার্ড ভ্যান ও ট্যাঙ্ক লরির টার্মিনালের জন্য জমি বরাদ্দে জটিলতা, শ্রমিকদের নিয়োগপত্র না থাকা, মহাসড়কে রেজিস্ট্রেশনবিহীন যান চলাচল অব্যাহত থাকা এবং বিআরটিএ ও পুলিশের হয়রানি বিষয়ে আলোচনা করেন।
সভায় সিএমপির উপ-কমিশনার (ট্রাফিক) ফারুক আহমেদ জানান, নগরীর হালিশহরের আনন্দ বাজারে সিটি করপোরেশনের উদ্যোগে একটি বাস-ট্রাক টার্মিনাল প্রক্রিয়াধীন। পর্যাপ্ত অর্থ ছাড় না হওয়ায় সেটির কাজ আটকে আছে।
এছাড়া ট্যাঙ্ক লরির জন্য স্টিল মিল লেবার কলোনিতে জমি এবং ট্রাকের জন্য নিমতলা টার্মিনাল বরাদ্দ দেওয়ার বিষয়ে নৌমন্ত্রী আশ্বাস দিয়ে গেছেন।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রস্তাবিত প্রকল্পে উত্তর চট্টগ্রামমুখী এবং অলঙ্কার মোড়ের যানবাহনের জন্য দুটি পৃথক টার্মিনাল নির্মাণের পরিকল্পনা রয়েছে বলেও জানান উপ-কমিশনার ফারুক।
তিনি জানান, দ্রুত এটি বাস্তবায়নের জন্য সিডিএ চেয়ারম্যানকে অনুরোধ করা হয়েছে।
