খাগড়াছড়িতে প্রশিক্ষণের সময় বিস্ফোরণ, ২ বিজিবি নিহত
খাগড়াছড়ি সেনানিবাসে প্রশিক্ষণের সময় গ্রেনেড বিস্ফোরিত হয়ে সীমান্তরক্ষী বাহিনীর দুই সদস্য নিহত ও আরো চারজন আহত হয়েছেন।
খাগড়াছড়ির ওসি মিজানুর রহমান জানান, রোববার সকালে সেনানিবাসের ভেতরে ১৬ বিজিবি ব্যাটালিয়নের নিয়মিত প্রশিক্ষণের সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজনের মধ্যে নায়েক সুবেদার আবুল কাশেম (৫৫) কুমিল্লার চান্দিনা উপজেলার কিলোরা বাজারে মৃত বাদশা মিয়ার ছেলে এবং সিপাহি মো. হাসান মিয়া (৪৫) গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পুদরা পাড়া গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে।
আহতরা হলেন- নায়েক সুবেদার মাসুদ রানা, ল্যান্স নায়েক নাসিরুল ইসলাম, ল্যান্স নায়েক সিরাজ ও ডাক্তার ক্যাপ্টেন তাইফুর ইসলাম। তাদেরকে হেলিকপ্টারে করে প্রথমে চট্টগ্রাম সামরিক হাসপাতালে নেওয়া হয়।
খাগড়াছড়ির সেনা কর্মকর্তা মেজর রুবায়েত হোসেন জানান, পরে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়।
১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল খালেদ বিন ইউছূফ জানান, সকালে ১৬ বিজিবির ১৫০ জন সদস্য নিয়মিত প্রশিক্ষণে অংশ নিতে খাগড়াছড়ি সেনা রিজিয়নের ফায়ারিং রেঞ্জে আসেন ।
“সকাল সাড়ে ১১টার দিকে প্রশিক্ষণ চলাকালে গ্রেনেডের পিন খুলতে গিয়ে অসাবধানতায় বিস্ফোরণের ঘটনা ঘটে।”
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহসীন রেজা জানান, নিহত কাশেম ছিলেন প্রশিক্ষক। আর হাসান প্রশিক্ষণার্থীদের মধ্যে ছিলেন।
খাগড়াছড়ি হাসপাতালে ময়না তদন্ত শেষে লাশ দুটি খাগড়াছড়ি বিজিবি সেক্টরে নেওয়া হয়। সেখানে আসরের পর জানাজা শেষে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
এর আগে গত ফেব্রুয়ারিতে টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে প্রশিক্ষণের সময় মর্টার শেল বিস্ফোরিত হয়ে দুই সেনা সদস্য ও চার বিজিবি সদস্য নিহত হন, আহত হন অন্তত ১০ জন।
