আল-জাজিরার লন্ডন কার্যালয়ের সামনে প্রতিবাদ
বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি ও যুদ্ধাপরাধীদের পক্ষে জনমত গঠনের চেষ্টার অভিযোগে লন্ডনে কাতারভিত্তিক আল-জাজিরা টেলিভিশনের কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ হয়েছে।
আইসিএসএফের (ইন্টারন্যাশনাল ক্রাইমস স্ট্র্যাটেজি ফোরাম) আয়োজনে শনিবারের এই কর্মসূচিতে যুক্তরাজ্যভিত্তিক স্বাধীনতার স্বপক্ষের বিভিন্ন সংগঠন এবং ব্যক্তিবর্গ অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।
সংগঠনের সদস্য সুশান্ত দাস গুপ্ত, ফেরদৌস আহমেদ ফয়সাল ও বিদিত লাল দের পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
প্রতিবাদ সমাবেশ থেকে আল-জাজিরার মিথ্যাচার, দায়িত্বজ্ঞানহীন এবং পক্ষপাতমূলক সংবাদ পরিবেশনের নিন্দা জানানো হয়।
একই সঙ্গে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিষয়ে ভবিষ্যতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য গণমাধ্যমটির প্রতি আহ্বান জানান অংশগ্রহণকারীরা।
ঘাতক দালাল নির্মূল কমিটি, প্রজন্ম ৭১, সৌধ, রাইজিং পাথ ফর ওয়ার হিরোইন, ক্যাম্পেইন ফর প্রোটেকশন অব রিলিজিয়াস মাইনরিটিজ ইন বাংলাদেশ (সিপিআরএম), বাংলাদেশ কমিউনিটি চার্চ, নারী চেতনা, ব্রিটিশ বাংলাদেশি উইমেন্স অরগানাইজেশন, ডকল্যান্ড থিয়েটার অ্যান্ড পারফর্মিং আর্টস, জাসদ, আইসিটি সাপোর্ট ফোরাম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশ যুব ইউনিয়ন, আওয়ামী আইনজীবি পরিষদ, লন্ডন মহানগর যুবলীগ, যুক্তরাজ্য মহিলা আওয়ামী লীগ ও যুক্তরাজ্য আওয়ামী লীগ এই প্রতিবাদ সমাবেশে অংশ নেয়।
