চট্টগ্রাম নগরীতে বস্তিবাসীর সংখ্যা বাড়ছে
কাজের সন্ধান ও প্রাকৃতিক দুর্যোগ ও উচ্ছেদসহ নানা কারণে দিনে দিনে চট্টগ্রাম শহরে বাড়ছে বস্তিবাসীর সংখ্যা।
নগরীতে আশ্রয় নেওয়ার পর মানবপাচার, যৌন হয়রানি, বাল্য বিবাহ ও মাদকসাক্ত হওয়াসহ নানা সংকটের আবর্তে ঘুরপাক খাচ্ছে তারা।
শনিবার নগরীতে উন্নয়ন সংস্থা কারিতাসের পক্ষ থেকে চট্টগ্রামের বিশিষ্ট ব্যক্তিদের সাথে মতবিনিময়কালে ‘নগর দারিদ্র্যের বর্তমান পরিস্থিতি মূল্যায়ন’ শীর্ষক এক সাম্প্রতিক জরিপে এ তথ্য তুলে ধরা হয়।
চট্টগ্রাম নগরীর আটটি ওয়ার্ডের চারশ পরিবারের ওপর পরিচালিত এ জরিপে বস্তিবাসীদের শিক্ষা, স্বাস্থ্য, সেনিটেশন সুবিধা, পানিবাহিত রোগে আক্রান্ত হওয়া ও অর্থনৈতিক অবস্থাসহ সার্বিক পরিস্থিতি তুলে আনা হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সরফরাজ খান, বিজিএমইএর সাবেক প্রথম সহ-সভাপতি নাসির উদ্দিন চৌধুরী, পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি ডা. একিউএম সিরাজুল ইসলাম, নগর পরিকল্পনাবীদ প্রকৌশলী সুভাষ বড়ুয়া, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক হাসান ফেরদৌস, সাবেক সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন শ্যামল, কারিতাস চট্টগ্রামের আঞ্চলিক পরিচালক জেমস গোমেজ প্রমুখ।
সিভিল সার্জন ডা. সরফরাজ খান বলেন, বস্তিবাসীর সংকটগুলোর প্রতি এখনই নজর না দিলে তা একসময় সমাজ ব্যবস্থায় বিশৃংখলা তৈরি করবে। এ জরিপ সংকট সমাধানের ক্ষেত্র তৈরিতে সহায়ক হবে।
অধ্যাপক ডা. একিউএম সিরাজুল ইসলাম বলেন, এ সমস্যা সমাধানে শুধুমাত্র সরকারের ওপর নির্ভরশীল হলে চলবে না। বেসরকারি সংস্থাগুলোকে এগিয়ে আসতে হবে।
জরিপে উল্লেখ করা হয়, বস্তিগুলোতে পারিবারিক সহিংসতা, কর্মক্ষেত্রে হয়রানি ও মানবপাচারের হার উদ্বেগজনক। পাশাপাশি, পরিবারের সদস্যদের মাদকাসক্ত হওয়া, বস্তির নারী, কিশোরী ও শিশুদের যৌন হয়রানির চিত্রও উঠে এসেছে জরিপে।
বস্তিবাসীদের পেশাগত বৈচিত্র্য ও কর্মসংস্থানের সুযোগ অনুসন্ধান করা, গ্রাম ছেড়ে শহরমুখী হওয়ার কারণ, নগরীর বস্তিগুলোতে সামাজিক শৃংখলার উপস্থিতি এবং বস্তিবাসীদের সম্ভাব্য সমর্থনের উপায় অনুসন্ধানের লক্ষ্য নিয়ে ঢাকা ও চট্টগ্রামে এ জরিপ পরিচালনা করে এনজিও সংস্থা কারিতাস।
জরিপে সংকট সমাধানের জন্য সামাজিক নিরাপত্তা জালের আওতায় বস্তিবাসীদের নিয়ে আসা, কাউন্সেলিং ও সচেতনতামূলক কর্মকাণ্ড পরিচালনা ও মাদকসেবী ও যৌনকর্মীদের অগ্রাধিকার দিয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার সুপারিশ করা হয়।
