২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেড় লাখ টাকায় কমিটি: রংপুর ছাত্রলীগের কার্যক্রম স্থগিত

দেড় লাখ টাকার বিনিময়ে রংপুর মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের কমিটি অনুমোদনের অভিযোগ ওঠার পর মহানগর ছাত্রলীগের সব কার্যক্রম স্থগিত করেছে কেন্দ্রীয় কমিটি।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2014, 09:28 PM

Updated : 22 Aug 2022, 07:52 PM

শনিবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক শেখ রাসেলের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শেখ রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রংপুর মহানগর ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে এফিডেভিটের মাধ্যমে দেড় লাখ টাকার বিনিময়ে ছাত্রলীগ রংপুর মেডিকেল কলেজ কমিটি অনুমোদন দেওয়ার অভিযোগ ও এফিডেভিটের কপি আমরা হাতে পেয়েছি। সেটি পাওয়ার পর শনিবার রাতে মহানগর কমিটির কার্যক্রম স্থগিত করে বিষয়টি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে দপ্তর সম্পাদক ছাড়াও কেন্দ্রীয় সহ-সভাপতি জয়দেব নন্দী ও আব্দুল কাদের মহিউদ্দিন নাহিদ রয়েছেন।

রাসেল বলেন, “আমরা দুই/একদিনের মধ্যে রপুরে গিয়ে সকলের সঙ্গে কথা বলে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে তদন্ত প্রতিবেদন দেব।”

এবিষয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে রংপুর মহানগর কমিটির সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।”

রংপুর মহানগর ছাত্রলীগের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায়, ছাত্রলীগের রংপুর মহানগর সভাপতি ইউনুস আলী দেড় লাখ টাকার বিনিময়ে সরওয়ার আলমকে সভাপতি ও ফারহান রহমানকে সাধারণ সম্পাদক করে রংপুর মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের দুই সদস্যের কমিটি গঠন করেন।

ওই দেড় লাখ টাকা পাওয়া নিশ্চিত করতে গত ৮ অক্টোবর রংপুর নোটারি পাবলিক অ্যাডভোকেট মাঈদুল ইসলামের কার্যালয়ে একশ টাকার স্ট্যাম্পে এফিডেভিট করিয়ে নেন ইউনুস। ছবি সম্বলিত ওই এফিডেভিটে তিনজন স্বাক্ষরও করেন।

টাকা পরিশোধের পর আগের কমিটির মেয়াদ শেষের এক মাস আগে গত ১৫ অক্টোবর নতুন কমিটি অনুমোদন দেন মহানগর সভাপতি ও সাধারণ সম্পাদক। কিন্তু ২২ অক্টোবর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে ওই কমিটি বাতিল করে সরওয়ার ও ফাহানকে দল থেকে বহিস্কার করায় টাকার বিনিময়ে কমিটি গঠনের বিষয়টি ফাঁস হয়ে যায়।

সরওয়ার আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নোটারি পাবলিক কার্যালয়ে ইউনুস আলীর উপস্থিতিতে এফিডেভিটের পর টাকা পরিশোধ করা হয়েছে। ওই টাকা দিয়ে তিনি একটি নতুন মোটরসাইকেলও কিনেছেন।”

এবিষয়ে মহানগর ছাত্রলীগের যুগ্ন সম্পাদক শেখ আসিফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কোনো ইউনিটের কমিটি গঠনের আগে মহানগর কমিটিতে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হয়। কিন্তু মেডিকেল কলেজ কমিটি গঠনের বিষয়ে অন্য সদস্যরা কিছুই জানেন না।

“ইউনুস টাকার বিনিময়ে কমিটি গঠন করে শুধু সংগঠনের ভাবমূর্তিই ক্ষুণ্ন করেননি; দলীয় শৃঙ্খলাও ভঙ্গ করেছেন। তাই বর্তমান কমিটি ভেঙ্গে দিয়ে নতুন কমিটি গঠনের জন্য কেন্দ্রীয় নেতাদের কাছে দাবি জানাচ্ছি।”

তবে অস্বীকার করে রংপুর মহানগর ছাত্রলীগের সভাপতি ইউনুস আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “টাকা লেনদেনসংক্রান্ত কোনো এফিডেভিট করিনি। টাকাও লেনদেন হয়নি। আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য একটি মহল এ ধরণের মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।”

গত বছরের ২৯ অক্টোবর কেন্দ্র থেকে ১২১ সদস্যের মহানগর কমিটি গঠন করা হয়। এদের মধ্যে সভাপতি ইউনুস আলী, সহ-সভাপতি মওদুদ আহমেদ ও সোহেল রানা ইমন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও যুগ্ম সম্পাদক শেখ আসিফের নাম ঘোষণা করা হয়।

তখন কমিটি প্রত্যাখ্যান করে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কমিটি থেকে ৪৭ নেতা একযোগে পদত্যাগ করেন।