লাঠিয়াল আতঙ্কে চরের কৃষকরা
লক্ষ্যমাত্রার চেয়ে বেশি এলাকাজুড়ে আমন আবাদ ও ফলন বেশি হওয়ার পর লাঠিয়ালদের দৌরাত্ম্যে তা ঘরে তোলা নিয়ে সংশয়ে আছেন ভোলার অন্তত ২০টি চরের ৫ হাজার কৃষক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধির সঙ্গে কথা বলার সময় এসব চরের কৃষক ও জমির মালিকরা ‘লাঠিয়াল বাহিনী’ নিয়ে তাদের এই শঙ্কার কথা জানিয়েছেন।
তাদের অভিযোগ, এসব লাঠিয়ালদের পৃষ্ঠপোষকতায় সরকারদলীয় রাজনৈতিক নেতা, কিছু অসাধু পুলিশ কর্মকর্তা ও জনপ্রতিনিধি রয়েছেন।
গত আমন মৌসুমে কৃষকের ফসল রক্ষায় চরে পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়। কিন্তু পুলিশেরই প্রচ্ছন্ন সহযোগিতায় রাজনৈতিক প্রভাবশালী মহল লাঠিয়াল ব্যবহার করে গত বছরের ফসল কেটে নিয়ে যায় বলে কৃষক ও জমির মালিকরা অভিযোগ করেছেন।
মনপুরার চর ডেম্পিয়ার এগ্রিকালচার ও ডেইরি ফার্মের ব্যবস্থাপনা পরিচালক কামাল উদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মনপুরার ঢাল চরে একটি পুলিশ ক্যাম্প ছিল। গত বছর অজ্ঞাত ইশারায় সেটি চরফ্যাশনের ঢালচরে স্থানান্তর করা হয়।
“এরপর একটি রাজনৈতিক দলের কয়েক নেতা মনপুরা থানা পুলিশের সহযোগিতায় সাধারণ কৃষকের আমন ধান কেটে নিয়ে গেছে। এবারও এ চরের কৃষকরা শঙ্কায় রয়েছেন।”
মনপুরা ঢালচরের জমির মালিক শান্তু চৌধুরী বলেন, “আমার ১২ একর জমির ফসল গত বছর লাঠিয়ালরা নিয়ে গেছে। এবারও তারা মহড়া দিচ্ছে।”
এখানকার জমির মালিকরা পুলিশের কাছ থেকে কোনো সহযোগিতা পাচ্ছেন না, অভিযোগ করেন তিনি।
মনপুরার ঢাল চরের মতই লাঠিয়ালদের দৌরাত্ম্যে ফসল ঘরে তুলতে না পারার শঙ্কা দেখা গেছে অন্যান্য চরের কৃষক ও জমির মালিকদের মধ্যেও।
লাঠিয়ালদের মহড়ার অভিযোগ এসেছে ভোলা সদরের ইলিশা চর আনন্দ, বাঘমরা, চর চটকিমরা, চর হোসেন, ভেলুমিয়া, মাঝের চর, পাতা ভেদুরিয়া ও ভেদুরিয়ার কিছু অংশ, দৌলতখানের মদনপুর বোরহানউদ্দিন উপজেলার চর ছমির উদ্দিন, চর সামসুদ্দিন ও পাতার চর-১, লালমোহন উপজেলার চর কচুয়াখালি ও চর রোজিনা তজুমদ্দিন উপজেলার পাতার চর, চর জহিরউদ্দিন চরফ্যাশন উপজেলার ঢালচর, চর কলমি, মুজিব নগর, শিকদারের চর, মনপুরা উপজেলার ঢালচর ও চর ডেম্পিয়ার-এর কৃষক ও জমির মালিকদের কাছ থেকেও।
ইতোমধ্যে চরফ্যাশন উপজেলার মুজিব নগর ইউনিয়নের ১২শ’ কৃষক তাদের জমির আমন ধান রক্ষার দাবিতে চরফ্যাশন উপজেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়াসহ মানববন্ধন করেছেন।
চরফ্যাশন উপজেলার নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম স্মারকলিপি পাওয়ার কথা স্বীকার করে বলেন, “আমরা মাসিক উন্নয়ন সভায় লাঠিয়াল বাহিনী সম্পর্কিত বিষয় কড়া নজরদারির ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি।
“এছাড়া আন্তঃজেলা সীমানা নিয়ে পার্শ্ববর্তী পটুয়াখালী জেলার সাথে সীমানা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হওয়ায় এ বছর থেকে আর সহিংসতার আশঙ্কা করছি না। তবে আমরা সজাগ রয়েছি।”
সদর উপজেলার ভেদুরিয়া চরের জমির মালিক এলজিইডির ভোলাস্থ হিসাবরক্ষক আবদুল মান্নান বলেন, “আমার জমির ধান গত মৌসুমে স্থানীয় এক জনপ্রতিনিধি কেটে নিয়ে গেছে বিভিন্ন জায়গায় ধরনা দিয়েও কোনো ফল পাইনি।
“ভোলার বিভিন্ন চরে এরকম চিত্রই রয়েছে বেশি। অনেকে ভয়ে মিডিয়ার কাছে জানাতেও সাহস পাচ্ছে না।”
ভোলার পুলিশ সুপার মো. মনিরুজ্জামান বিডিনিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি বিষয়টি অবহিত আছি। প্রকৃত কৃষক যাতে তাদের উৎপাদিত ধান নিতে পারে সেজন্যে ঝুঁকিপূর্ণ এলাকায় প্রয়োজনে পুলিশ ক্যাম্প বসানো হবে।”
ভোলা জেলা প্রশাসক মো. সেলিম রেজা বলেন, “চলতি আমন ধান কাটা মৌসুমের দিকে প্রশাসনের নজর রয়েছে। মনপুরার ঢালচরে কয়েকমাস পূর্বে কোস্টগার্ডের ক্যাম্প বসানো হয়েছে। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রশাসন সজাগ রয়েছে।”
ভোলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ পরিচালক শান্তি রঞ্জন মন্ডল জানান, চলতি মৌসুমে ভোলা জেলায় এক লাখ ৬৪ হাজার হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা ছিল। আবাদ হয়েছে এক লাখ ৭৫ হাজার হেক্টর জমিতে।
“ফলনও হয়েছে ভাল,” বলেন তিনি।
