বেতনের দাবিতে বান্দরবানে রাবার শ্রমিকদের ধর্মঘট
বকেয়া বেতন ও বোনাসের দাবিতে বান্দরবান সদর উপজেলায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পরিচালিত দুটি রাবার বাগানের শ্রমিকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে।
রাবার শ্রমিক ইউনিয়নের সমন্বয়ক মং থুই মারমা বিডিনিউজ টোয়েন্টফোর ডটকমকে জানান, শনিবার সকাল থেকে উপজেলার চেমী ১ নম্বর কিবুক পাড়া ও চেমী ২ নম্বর খৈয়াপাড়া রাবার বাগানের তিন শতাধিক শ্রমিক কর্মবিরতি শুরু করে।
“রাবার বাগান প্রকল্পের মাঠ কর্মকর্তা মো.শফিকুর রহমানের স্বেচ্ছাচারিতা, শ্রমিকদের অর্থ আত্মসাত, অনিয়ম ও দুর্নীতি এবং কয়েক মাস ধরে বন্ধ থাকা বেতন-বোনাসের দাবিতে এই কর্মসূচি ডাকা হয়েছে।”
কর্মবিরতির শুরুতে শ্রমিকরা দাবি সম্বলিত ফেস্টুন ও প্লেকার্ড নিয়ে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করে বলেও জানান তিনি।
আন্দোলনকরী শ্রমিক কিবুই পাড়া প্রধান পাইচিং কারবারী বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত শ্রমিকদের কর্মবিরতি চলবে। সব ধরনের রাবার উৎপাদন প্রক্রিয়া থাকবে বন্ধ।
প্রকল্পের মাঠ কর্মকর্তা মো. শফিকুর রহমান অভিযোগগুলো স্বীকার করে বলেন, হঠাৎ করে রাবারের বাজারের দর কমে যাওয়ায় লোকসানে আছে কর্তৃপক্ষ। শ্রমিকদের বকেয়া বেতন অর্ধেক পরিশোধ করা হবে।
