রাজশাহীতে শিবির-পুলিশ সংঘর্ষ
যুদ্ধাপরাধে দণ্ডিত জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের মুক্তি দাবিতে রাজশাহীতে মিছিল বের করে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে ইসলামী ছাত্রশিবির কর্মীরা।
এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি খন্দকার নূর হোসেন জানান, শনিবার বেলা ২টার দিকে নগরীর নিউ মার্কেট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান,জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুপুরে নগরীর নিউ মার্কেটের সামনে থেকে ঝটিকা মিছিল বের করে ছাত্রশিবির।
মিছিল নিয়ে তারা অলোকার মোড়ের দিকে যাওয়ার সময় পুলিশ বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। শিবির কর্মীরাও পুলিশকে লক্ষ করে ইটপাটকেল ছোড়ে। তাদের ছত্রভঙ্গ করতে কাঁদুনে গ্যাস ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। এক পর্যায়ে নগরীর ষষ্ঠীতলার দিকে পালিয়ে যায় শিবির কর্মীরা।
বোয়ালিয়া থানার ওসি নূর হোসেন বলেন, পুলিশের অনুমতি না নিয়ে ছাত্রশিবির মিছিল বের করে। এ সময় পুলিশ ঘটনাস্থলে গেলে শিবির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।
এরপর এক রাউন্ড কাঁদুনে গ্যাসের শেল ও শর্টগানের কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।
