বেনাপোলে সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ১২
ভারতে যাওয়ার সময় যশোরের বেনাপোল থেকে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত আসামিসহ ১২ জনকে আটক করা হয়েছে।
শনিবার সকালে বিজিবি ও পুলিশ পৃথক অভিযান চালিয়ে বেনাপোল থেকে সাজাপ্রাপ্ত চার আসামি ও পুটখালী থেকে নারীসহ আট জনকে আটক করে।
বেনাপোল বন্দর থানার এএসআই মতিউর রহমান জানান, বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত চার আসামি দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গোপনে খবর পেয়ে শনিবার সকালে সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
এরা হলেন- বেনাপোলের সাদিপুর গ্রামের আব্দুল করিম (২৭), বাহাদুরপুর সড়কের মিজানুর রহমান (২৪), নমাজগ্রামের আব্দুল কাদের (২৫) ও কাগমারি গ্রামের মানিক আলি (২৫)।
বিজিবি ২৩ ব্যাটালিয়নের পুটখালি ক্যাম্প কোম্পানি কমান্ডার সুবেদার সামছুর রহমান বলেন, দালালরা মিথ্যা প্রলোভন দেখিয়ে অবৈধবভাবে কিছু নারী পুরুষকে ভারতে পাচার করছে খবর পেয়ে সকালে বিজিবির টহলদল সীমান্তে অভিযান চালায়।
অভিযানে পুটখালির চরের মাঠ থেকে পাঁচ নারীসহ আটজনকে করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে দালালরা পালিয়ে যায়।
আটকরা খুলনা ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তাদের বেনাপোল বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান সুবেদার সামছুর।
এএসআই মতিউর জানান, আটক ১২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবারই তাদের যশোর আদালতে পাঠানো হবে।
