২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাবনায় ভবিষ্যৎও: জয়

বর্তমান উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি ভবিষ্যতে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2014, 01:01 PM

Updated : 13 Oct 2022, 12:48 PM

শনিবার রাজধানীর হোটেল র‌্যাডিসনে তরুণদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নতুন একটি উদ্যোগের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি।

সজীব ওয়াজেদ বলেন, “আপনারা জানেন পাঁচ-ছয় বছর আগে চাকরির অভাব ছিল, আনএমপ্লয়মেন্ট খুব হাই ছিল, চাকরির সুযোগ কম ছিল। অর্থনৈতিক দিক দিয়ে আমরা পিছিয়ে যাচ্ছিলাম।

“এগুলো আমরা সমাধান করতে সফল হয়েছি, দেশের উন্নয়ন করতে সফল হয়েছি। প্রতিটি সেক্টরে- অর্থনীতির দিক দিয়ে, শিক্ষার দিক দিয়ে, বিদ্যুতের দিক দিয়ে, ডিজিটাল প্রযুক্তির দিক দিয়ে।

“তবে শুধু বর্তমানের উন্নয়ন দিয়ে চলবে না। আওয়ামী লীগের লক্ষ্য হল বাংলাদেশের শুধু বর্তমান নিশ্চিত করা নয়, আমরা বাংলাদেশের ভবিষ্যৎ নিশ্চিত করতে চাই।”

এজন্য দেশের যুবসমাজকে উন্নয়নের গতিধারায় সম্পৃক্ত করতে হবে বলেও মনে করেন তিনি।

বাংলাদেশের অগ্রযাত্রায় তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে, আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘ইয়ং বাংলা’ নামে একটি নতুন উদ্যোগের উদ্বোধন করেন সজীব ওয়াজেদ জয়, যে উদ্যোগের আনুষ্ঠানিক যাত্রায় সঙ্গী হয়েছিলেন দেশের ৬৪ জেলার তরুণদের  প্রায় ২৫০টি সংগঠনের প্রতিনিধিরা।

Image
ছবি: তানভীর আহমেদ/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ছবি: তানভীর আহমেদ/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

উদ্বোধনী অনুষ্ঠানে জয় তরুণ উদ্যোক্তাদের জন্য সরকারের দেওয়া আর্থিক ও কারিগরি নানা সুবিধার কথা তুলে ধরেন।

“তরুণরাই হচ্ছে আমাদের দেশের ভবিষ্যৎ। অর্থনৈতিক অগ্রগতিকে যদি ধরে রাখতে হয়, শুধু আগামী পাঁচ বছর নয়, ২০৪১ সাল পর্যন্ত, তাহলে তরুণদের এই ধারাবাহিকতা এগিয়ে নিয়ে যেতে হবে, ধরে রাখতে হবে।”

সজীব ওয়াজেদ বলেন, তরুণ উদ্যোক্তাদের সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য সরকার বিভিন্ন কাজ করে যাচ্ছে। বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে তাদের ইনটার্নশিপ শুরু করারও সিদ্ধান্ত হয়েছে।

“আমরা শুধু কর্মসংস্থান সৃষ্টি করে দিতে চাই না। আমরা চাই আমাদের তরুণরা নিজের পায়ে দাঁড়াক, তারা নিজের উদ্যোগে কিছু করুক।”

এসএমই ঋণ, সম উদ্যোক্তা মূলধন তহবিলসহ তরুণ উদ্যোক্তাদের অর্থ পাওয়ার বিভিন্ন উৎস সম্পর্কে আলোচনা করেন জয়।

পাশাপাশি বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার লক্ষ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশের প্রয়োজনীয়তাও তুলে ধরেন তিনি।

প্রধানমন্ত্রীর ছেলে জয় বলেন, “যে কোনো উন্নত দেশ তাদের মেইন ইকনোমি ড্রাইভার হল স্মল অ্যান্ড মিডিয়াম বিজনেস। মার্কিন যুক্তরাষ্ট্রে অর্থনীতিকে উঠিয়ে রেখেছে এই স্মল অ্যান্ড মিডিয়াম বিজনেস। আমরা বাংলাদেশে সেটাই চাই। সেটাই হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ।”

Image
ছবি: তানভীর আহমেদ/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ছবি: তানভীর আহমেদ/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সেন্টার ফর রিসার্স অ্যান্ড ইনিশিয়েটিভের (সিআরআই) উদ্যোগে ‘ইয়ং বাংলা’ প্লাটফর্ম গড়ে তোলা হয়েছে, যেখানে বিভিন্ন তরুণ সংগঠন যুক্ত হয়ে উদ্যোক্তা হওয়ার বিভিন্ন ধরনের সহায়তা পাবে।

অনুষ্ঠানে সিআরআইয়ের নির্বাহী পরিচালক সাব্বির শামস বলেন, এ উদ্যোগের অন্যতম লক্ষ্য হল তরুণদের উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত করা।

‘ইয়ং বাংলা’ একটি জাতীয় প্লাটফর্ম এবং সিআরআই তাদের সাচিবিক সহায়তা দেবে বলে জানান সাব্বির শামস।

‘ইয়ং বাংলার’ লক্ষ্য ও উদ্দেশ্যে বলা হয়েছে, বাংলাদেশের সব স্তরের যুবকদের সমন্বিত করে তাদের জাতীয় উন্নয়ন প্রক্রিয়া তথা রূপকল্প ২০২১ এ অন্তর্ভুক্ত করা।

‘ইয়ং বাংলার’ আহ্বায়ক তরুণ সাংসদ নাহিম রাজ্জাক বলেন, দেশের চার কোটি তরুণকে সম্পৃক্ত করে রূপকল্প ২০২১ বাস্তবায়ন করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

২০২১ সাল পর্যন্ত ‘ইয়ং বাংলা’ কার্যক্রম চালাবে বলে জানান সাব্বির শামস।

জয় বলেন, “ইয়ং বাংলা আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ, সিআরআইয়ের একটি প্রতিষ্ঠান। এখান থেকে যাতে আওয়ামী লীগ সরকারের সাথে বসে সব সমস্যার সমাধান করতে পারি এবং একসঙ্গে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি।”

অনুষ্ঠানে দেশের নানা প্রান্ত থেকে আসা উদ্যোক্তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন জয়।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “পাঁচ বছরে আমরা যে পরিমাণ এগিয়ে এসেছি, অর্ধেক পথ চলে এসেছি। আগামী পাঁচ বছরে এটা পূরণ করা খুবই সহজ।”

Image
ছবি: তানভীর আহমেদ/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ছবি: তানভীর আহমেদ/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, “অর্থনৈতিক দিক থেকে হয়তো আমরা অনেক দেশের থেকে পিছিয়ে আছি, মেধার দিক দিয়ে আমরা কোনো দেশের চেয়ে পিছিয়ে নেই।”

ছাত্রলীগের কর্মকাণ্ড নিয়ে এক প্রশ্নের জবাবে জয় বলেন, “সমস্যা যেটা, একটি দল যখন ক্ষমতায় থাকে, তখন কিন্তু দুর্নীতি বা সন্ত্রাসের সঙ্গে যারা জড়িত তারা ওই দলের সদস্য হয়ে যায়। যারা ছাত্রলীগের নাম নিয়ে যেসব অকাম করছে তারা কি আসলেই ছাত্রলীগার?

“আমরা কিন্তু দুর্নীতি, সন্ত্রাস সহ্য করি না। এটা অনেকেই জানে না যে গত প্রায় পাঁচ বছরে প্রায় ৬৫০ জন ছাত্রলীগ সদস্যকে জেলে দিয়েছে।”

এসময় গণমাধ্যমের সমালোচনা করে সজীব ওয়াজেদ বলেন, “তবে এখানে যেটা হয় প্রচারের একটা বিষয় আছে। আজকে মিডিয়ার যুগ। এখানে গরম গরম নিউজ না হলে মিডিয়ার চলে না। সেনসেশনাল নিউজ না হলে চলে না।

“ছাত্রলীগ যে ভালো কাজ করছে সেগুলো কিন্তু কোথাও বলা হচ্ছে না। আপনারা কি জানেন, রানা প্লাজার ঘটনার সময় ছাত্রলীগের ভলান্টিয়াররা সেখানে গিয়ে রক্ত দিয়েছে। এটা আপনারা কয়জন জানেন? প্রতিবছর যখন কোনো প্রাকৃতিক দুর্যোগ হয় সেখানে ছাত্রলীগ যায় সহায়তা দিতে। তারা প্রচণ্ড কাজ করে যায়, প্রচণ্ড পরিশ্রম করে। তবে সেটা কিন্তু খবরে আসে না।”

জয় আরো বলেন, “ছাত্রলীগে আসতে হলে নির্দিষ্ট বয়সের বেশি হলে হবে না, ছাত্রত্ব থাকতে হবে এবং কমিটি বা নেতৃত্বে আসতে হলে মিনিমাম জিপিএ মেইনটেইন করতে হবে। কিন্তু এসব খবর মিডিয়ায় আসে না।”