২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে গাছ কাটায় শিক্ষার্থীদের প্রতিবাদ

প্রতিষ্ঠার সময় লাগানো একটি গাছ হঠাৎ করেই কেটে ফেলায় প্রতিবাদ করে হল প্রাধ্যক্ষের পদত্যাগ দাবি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদদীন হলের শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2014, 11:11 PM

Updated : 13 Oct 2022, 12:48 PM

শুক্রবার দুপুরে কেটে ফেলা গাছটির গোড়ায় কালো পতাকা টাঙিয়ে দিয়ে চারদিক থেকে গোল হয়ে দাঁড়িয়ে এক মানববন্ধন থেকে এই দাবি জানান তারা।

কবি জসীম উদদীন হলের মূল ফটকের সামনেই ওই অ্যারোকেরিয়া গাছটির অবস্থান ছিল, যাকে ছাত্ররা ‘ক্রিসমাস ট্রি’ হিসেবেই চিনত। ১৯৭৬ সালে জসীম উদদীন হল প্রতিষ্ঠার সময়ই এই গাছটি লাগানো হয়েছিল।  

বৃহস্পতিবার কাউকে কোন কিছু না জানিয়েই হাজারও ছাত্রের স্মৃতিবিজরিত গাছটি কেটে ফেলে হল প্রশাসন। গাছটি কেটে ফেলার পরপরই সমালোচনায় মুখর হয়ে ওঠে ছাত্ররা। প্রতিবাদেরও সিদ্ধান্ত হয় তখনই।

রাতেই হলের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা হলের মূল ফটকে জড়ো হয়ে তৈরি করে ‘নিন্দা চত্বর’। সেখান থেকেই শুক্রবারের মানববন্ধন কর্মসূচির ডাক দেয়া হয়।

মানববন্ধনের কালো ব্যানারে সাদা অক্ষরে লেখা ছিল ‘হলের প্রতিষ্ঠাকালীন বৃক্ষ ও সৌন্দর্যবর্ধনকারী ক্রিসমাস বৃক্ষটি’ কেটে ফেলার প্রতিবাদে মানববন্ধন।

মানববন্ধনে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত। কয়েকজন শিক্ষার্থীর বক্তব্যেও ফুটে ওঠে শোক আর ক্ষোভের মিশ্র অনুভুতি।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, মানুষ মানুষের শত্রু হয়। কিন্তু গাছ কীভাবে মানুষের শত্রু হয়? এটি শুধু একটি গাছ নয় ছিল আমাদের প্রিয়জনের মতই। কারণ এ গাছের সাথে মিশে আছে আমাদের সুখ-দুঃখ ও আনন্দের-বেদনার স্মৃতি।

এ সময় শিক্ষার্থীদের হাতেও ছিল প্রতিবাদী স্লোগান লেখা প্ল্যাকার্ড। এসব ব্যানারে লেখা ছিল, ‘যে গাছের শত্রু, সে দেশের শত্রু’, ‘আমাদের বন্ধু বৃক্ষ হত্যার বিচার চাই’, ‘যে একটি গাছ কাটতে পারে সে একটি মানবজাতিকে হত্যা করতে পারে’, ‘গাছের সাথে কিসের শত্রুতা?’।

শিক্ষার্থীদের ‘প্রিয়জনকে’ হত্যার জন্য কর্তৃপক্ষকে প্রকাশ্যে দুঃখ প্রকাশের দাবিও ওঠে মানববন্ধন থেকে।

প্রতিবাদকারীরা বলেন, যতদিন পর্যন্ত প্রভোস্ট প্রকাশ্যে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে নতুন গাছ রোপন না করবেন ততদিন এখানে কালো পতাকা থাকবে।

এদিকে কেটে ফেলা বৃক্ষটিকে ছাত্ররা আখ্যায়িত করেছে ‘শহীদ বৃক্ষ’ হিসেবে। গাছটি নিয়ে ছাত্রদের স্মৃতিকথন নিয়ে একটি কাগজও টাঙানো হয়েছে ‘নিন্দা’ চত্বরে।

গাছটি কাটায় নিন্দা জানিয়েছে কবি জসীম ‍উদদীন হল শাখা ছাত্রলীগ। তারা শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে।

হলের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, এ গাছটির একটি বিশেষত্ব ছিল। অন্যান্য সাধারণ ‘ক্রিসমাস ট্রি’ গাছের মত ছিলনা এটি। জন্মের পর থেকেই বড় বড় হতে হতে ধীরে ধীরে বেঁকে যায়। এক সময় একটি অর্ধচন্দ্রাকৃতি ধারণ করে। যা তার সৌন্দর্য্যকে আরও বাড়িয়ে দিয়েছিল।

হলের শিক্ষার্থী শেখ নুর আলম বলেন, “গাছটি শুধু একটি গাছই ছিলনা এটি ছিল হলের একটি আইডেন্টিটি। কারণ আমরা অন্য হলের শিক্ষার্থীদের কাছে বা বাইরের কোন লোকের গাছে গর্ব করে বলতাম, আমাদের হলে একটি বিশেষ গাছ আছে, যা পৃথিবীর কোথাও নেই।”

গাছটি হঠাৎই কেটে ফেলার কারণ জানতে হল প্রাধ্যক্ষ অধ্যাপক রহমত উল্ল্যাহকে বারবার ফোন করা হলেও তিনি তা ধরেননি।