২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র উৎসব শুরু

চট্টগ্রাম নগরীর থিয়েটার ইনস্টিটিউটে শুরু হয়েছে দুই দিনব্যাপী প্রথম চট্টগ্রাম আন্তর্জাতিক স্বল্প-দৈর্ঘ্য ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী উৎসব।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2014, 08:44 PM

Updated : 22 Aug 2022, 07:52 PM

শুক্রবার বিকালে থিয়েটার ইনস্টিটিউটে আর্ট গ্যালারিতে এ উৎসবের উদ্বোধন করেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, যাতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কবি ও সাংবাদিক আবুল মোমেন।

অনুষ্ঠানে এম এ মালেক বলেন, “চলচ্চিত্র সমাজ বদলের একটি শক্তিশালী মাধ্যম। মানুষের মননশীলতা ও শৈল্পিক দৃষ্টিভঙ্গির বিকাশে চলচ্চিত্র মৌলিক মাধ্যম হিসেবে ভূমিকা পালন করতে পারে।

”চলচ্চিত্রকে সমাজ বদলের হাতিয়ার করতে হলে এ ধরনের আয়োজন বাড়াতে হবে।”

চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্র এ উৎসবের আয়োজন করেছে।  

প্রধান অতিথির বক্তব্যে আবুল মোমেন বলেন, “চলচ্চিত্র এমন একটি মাধ্যম যা ব্যক্তি জীবনের সঙ্কট থেকে শুরু করে রাষ্ট্রীয়, সামাজিক ও অর্থনৈতিক সঙ্কটকে উপজীব্য করে নির্মিত হতে পারে।

”শক্তিশালী এ মাধ্যমের চর্চাকে প্রসারিত করতে এরকম আয়োজনের বিকল্প নেই।”

উৎসবে ইংল্যান্ড, ফ্রান্স, আমেরিকা, চীন, পোল্যান্ড, ভারত, ইতালি ও বাংলাদেশসহ আটটি দেশের মোট ২৭ টি স্বল্প-দৈর্ঘ্য ও প্রামাণ্যচিত্র দেখানো হবে।

চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের পরিচালক শৈবাল চৌধুরী জানান, উৎসব শেষে এতে প্রদর্শিত চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র বিভাগ থেকে আলাদা করে শ্রেষ্ঠগুলো নির্বাচন করে পুরস্কৃত করা হবে।  এর পাশাপাশি শ্রেষ্ঠ নির্মাতাকেও বাছাইকে করে পুরস্কার দেয়া হবে।