মুন্সীগঞ্জে মন্দিরের জমি রক্ষার দাবি
মুন্সীগঞ্জের শ্রীনগরে মন্দিরের জমি রক্ষার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা।
শুক্রবার দুপুরে উপজেলার বাঘড়া বজার এলাকায় মন্দির প্রাঙ্গণে এ মানববন্ধন হয়। এর আগে একটি বিক্ষোভ মিছিল করেন তারা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, প্রায় আড়াইশ বছর আগে বাঘড়া এলাকার ১১৮ শতক জমিতে বাসুদেব জিও বিগ্রহের মন্দির স্থাপিত হয়। এলাকার প্রায় পাঁচশ হিন্দু পরিবার এখানে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে থাকে।
ওই মন্দিরের সেবায়েত রাধাশ্যাম ঘোষ মন্দিরের ১২ শতাংশ জমি নিজের নামে নামজারী করে নেন। সম্প্রতি এলাকাবাসী মন্দিরের ওই জমিতে শ্মশান ঘাট নির্মাণের উদ্যোগ নিলে রাধ্যেশ্যাম ঘোষ তাতে বাধা দেন।
স্থানীয় গোবিন্দ চন্দ্র সাহা জানান, “সেবায়েত হতে হলে প্রতিদিন মন্দিরে ঠাকুরের সেবা করতে হয়। রাধাশ্যাম ঘোষ ঢাকায় থাকেন। উনি কীভাবে সেবায়েত হন? আমরা ওই জমি ফেরত চাই, কারণ ওই জমিতে শ্মশান ঘাট নির্মাণ করতে হবে।”
বাঘড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, “মন্দিরের সম্পত্তি সকল হিন্দুদের। এই সম্পত্তি কেউ একক মালিক সেজে গ্রাস করতে চাইলে তা অন্যায়।”
ভুলে নামজারি হয়ে গেছে জানিয়ে রাধাশ্যাম ঘোষ বলেন, “মন্দিরের ১২ শতাংশ জায়গা ভুলে আমার নামে নামজারি হয়েছে। আমি অবশ্যই এই সমস্যার সমাধান করে দেব।"
