২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘চীন-ভারতের সংযোগকেন্দ্র হতে পারে বাংলাদেশ’

বাংলাদেশ দুই অর্থনৈতিক শক্তি চীন ও ভারতের মধ্যে সংযোগের কেন্দ্রবিন্দু হতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

ও নিউইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2014, 05:52 PM

Updated : 22 Aug 2022, 07:52 PM

স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলে যুক্তরাষ্ট্র কংগ্রেসের জ্বালানি ও বিদ্যুৎ বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান রিপাবলিকান দলীয় কংগ্রেসম্যান অ্যাড হুইটফিল্ডের সঙ্গে সাক্ষাতের সময় একথা বলেন তিনি।

সাক্ষাতে অর্থনৈতিক অগ্রগতি, বর্তমানে বিদ্যুৎ ও জ্বালানি খাতের অবস্থা, নবায়নযোগ্য সৌর শক্তির সম্ভাবনা এবং চলমান মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনাল সর্ম্পকে তাকে অবহিত করেন বাংলাদেশের রাষ্ট্রদূত।

বাংলাদেশ ককাসের প্রভাবশালী এই সদস্যের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের রাষ্ট্রদূত জিয়াউদ্দিন বলেন, এসময় জিডিপিসহ অর্থনৈতিক ক্ষেত্রে অগ্রগতির জন্য বাংলাদেশের প্রশংসা করেন হুইটফিল্ড।

“কংগ্রেসম্যান বলেন, ১৬ কোটি জনসংখ্যা নিয়ে এক দশকের বেশি সময় ধরে বাংলাদেশ ৬ শতাংশ হারে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করে যাচ্ছে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনসহ জলাবদ্ধ ও লবণাক্ত মাটিতে ধান উৎপাদনের টেকসই পদ্ধতি উদ্ভাবন করেছে বাংলাদেশ।”

বাংলাদেশের জনজীবনের নিরাপত্তা  ও আইনের শাসন প্রতিষ্ঠায় নেওয়া পদক্ষেপ সম্পর্কে জানতে চান হুইটফিল্ড। সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়ে বিদ্যুৎ উৎপাদনের ব্যাপারেও কৌতূহল প্রকাশ করেন তিনি।

এসব খাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ ও অর্জিত সাফল্য সম্পর্কে কংগ্রেসম্যানকে জানান রাষ্ট্রদূত।

রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিনকে ওয়াশিংটনের নতুন কর্মস্থলে স্বাগত জানিয়ে তাকে সার্বিক সহায়তার আশ্বাস দেন কংগ্রেসম্যান অ্যাড হুইটফিল্ড।