তাড়াশে অস্ত্রসহ পাঁচ ‘ডাকাত’ আটক
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বন্দুকযুদ্ধের পর অস্ত্রসহ পাঁচ ‘ডাকাতকে’ আটক করার কথা জানিয়েছে পুলিশ।
তাড়াশ থানার ওসি আতাউর রহমান জানান, বৃহস্পতিবার মধ্যরাতে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের ভরগ্রাম এলাকা থেকে তাদের আটক করা হয়।
এরা হলেন- ভরগ্রামের আলী মণ্ডল (২০), জিয়াউর রহমান (২৮), আব্দুল কালাম (৩০) ও আনোয়ার হোসেন (৩২) এবং বগুড়ার শেরপুর উপজেলার সাতবাড়িয়া গ্রামের আব্দুল মমিন (৩২)।
তাদের কাছে একটি শাটারগান, পাঁচটি গুলি ও কয়েকটি দেশীয় অস্ত্র পাওয়া গেছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, গভীর রাতে মহাসড়কে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে পুলিশ সেখানে যায়।
“এ সময় দুর্বৃত্তরা পুলিশের দিকে গুলি ছুড়লে পুলিশও জবাব দেয়। কিছুক্ষণ পর তারা পালাতে শুরু করলে অস্ত্রসহ পাঁচজনকে আটক করা হয়।”
তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এ ঘটনায় একটি মামলা হয়েছে।
