২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কদমতলীতে নববধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক

রাজধানীর কদমতলীতে এক নববধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2014, 12:02 PM

Updated : 22 Aug 2022, 07:52 PM

শুক্রবার ভোরে দনিয়া পাটেরবাগের এক বাড়ির তৃতীয় তলা থেকে জেসমিন আক্তার (১৮) নামে ওই তরুণীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তার স্বামী তুহিন মোল্লা ঘটনার পর থেকেই পলাতক।

পরিবারের বরাত দিয়ে কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১২ সেপ্টেম্বর তুহিন ও জেসমিনের বিয়ে হয়।

বৃহস্পতিবার তুহিন স্ত্রীর সঙ্গে শ্বশুরবাড়িতে রাতের খাবার খেয়ে পাটেরবাগের বাসায় ফেরেন। ভোরে তুহিন দুই পরিবারেরই ঘনিষ্ঠ বাদশা নামের একজনকে ফোন করে জানতে চান, তার শ্বশুর কোনো মামলা করেছেন কিনা।

তার কথায় সন্দেহ হলে বাদশা বিষয়টি জেসমিনের মা-বাবাকে বলেন। জেসমিনের বাবা ‍দুলাল মিয়া সকালে পাটেরবাগের বাসায় গিয়ে বাইরে থেকে তালা দেওয়া দেখে পুলিশে খবর দেন।

পরে পুলিশ তালা ভেঙে বাসায় ঢুকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় জেসমিনকে বিছানায় পড়ে থাকতে দেখে বলে এসআই ফারুক জানান।

পুলিশের ধারণা, জেসমিনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তবে স্বামী পলাতক থাকায় এর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

জেসমিনের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে, আর তুহিনের ব্রাহ্মণবাড়িয়ায়।

ময়নাতদন্তের জন্য লাশ সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।