ঢাবিতে ভর্তিচ্ছুদের অনশন দ্বিতীয় দিনে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় দফায় ভর্তির সুযোগ চেয়ে দ্বিতীয় দিনের মত অনশন চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারী ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
এতে সংহতি জানিয়েছেন গণফোরাম সভাপতি কামাল হোসেন এবং নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
বৃহস্পতিবার রাতেও শহীদ মিনারে শতাধিক ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অনশনরত অবস্থায় দেখা গেছে। তাদের মধ্যে সন্ধ্যা পর্যন্ত নয় জন শিক্ষার্থী অসুস্থ্ হয়ে পড়েছেন।
অসুস্থরা হলেন- ইমরান হোসেন, মাহবুব হাসান, আহমেদ সাগর, প্রান্ত, রিয়াজ, ইমরান, তামজীদ, ফাইজুল ও যুথী। শহীদ মিনারের পাশেই তাদেরকে স্যালাইন দেয়া হচ্ছে।
বুধবার দুপুর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে এই অনশন শুরু হয়। হাই কোর্টে নিষেধাজ্ঞার উদাহরণ টেনে শহীদ মিনারের মূল বেদিতে অনশনকে ‘আইন বিরোধী’ বলে ওইদিনই এক বিজ্ঞপ্তিতে জানায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রাতে প্রক্টর আমজাদ আলীর নেতৃত্বে একটি প্রক্টরিয়াল দল শহীদ মিনারে গিয়ে অনশনরতদের সতর্কও করে দেয়। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দাবি মেনে না নেওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকেন আন্দোলনরতরা।
বৃহস্পতিবার দুপুরে অনশনরত শিক্ষার্থীদের সংহতি প্রকাশ করেন গণফোরামের সভাপতি কামাল হোসেন ।
তিনি বলেন, “আমি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছিলাম। আর এই বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগের জন্য আন্দোলন করতে হচ্ছে শিক্ষার্থীদের। সত্যিই এটি একটি বিরল ঘটনা!”
এ সময় শিক্ষার্থীদের দেওয়া দাবি সংবলিত একটি কাগজ পড়ে তিনি বলেন, “শিক্ষার্থীদের দাবি, তাদের আগের শিক্ষার্থী যদি দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ পায়, তবে তারা কেন পাবে না ? প্রকৃত ঘটনা যদি এই হয় তবে আশা করি তাদের দাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মেনে নিবে।
তিনি বলেন, “বর্তমান সরকার নিজেকে গণতান্ত্রিক সরকার বলে দাবি করছে। বিশ্ববিদ্যালয়ে উপাচার্যও গণতন্ত্রের পক্ষের লোক। তিনি অবশ্যই রাজতন্ত্রের মত করে একটি ফরমান জারি করতে পারে না।”
অনশনরত শিক্ষার্থীদের উদ্দেশে গণফোরাম সভাপতি বলেন, “দাবি আদায়ে আন্দোলন কর, জীবন দেওয়া ঠিক হবে না। তোমাদের দাবি যদি ন্যায্য হয় তাহলে তোমাদের পাশে আমরাও থাকবো।”
এ সময় তিনি শিক্ষার্থীদের ‘যৌক্তিক দাবি’ তুলে ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে চিঠি পাঠাবেন বলেও শিক্ষার্থীদের আশ্বস্ত করেন।
অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন মাহমুদুর রহমান মান্নাও।
ডাকসুর সাবেক সহ-সভাপতি মান্না বলেন, “ভাবতে অবাক লাগে, বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্র দুইবার ভর্তি পরীক্ষা দেবে তাতে কি বিশ্ববিদ্যালয়ের সম্মান যাবে?”
সংহতি প্রকাশের বক্তব্যে নাগরিক ঐক্য সমন্বয়ক মান্না ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সহযোগী সংগঠন ছাত্রলীগ কর্মীদের উদ্দেশে বুধবার প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের দেয়া বক্তব্যের উদাহরণ টেনে আনেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এক আলোচনা সভায় এইচ টি ইমাম ছাত্রলীগ কর্মীদের চাকরির লিখিত পরীক্ষায় ভালো করার পরামর্শ দিয়ে পরবর্তীতে ‘দেখার’ আশ্বাস দেন।
মান্না বলেন, “‘ওই ভদ্র লোকের লজ্জা হওয়া উচিত। এখানে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা অনশন করছে। তারা কোনো রকম অন্যায্য দাবি করেনি, তারা কোনোরকম অন্যায়ের পক্ষে কথা বলেনি। এরা একটাই কথা বলেছে, আমরা আর একবার ভর্তি পরীক্ষার সুযোগ চাই।”
এদিকে আন্দোলনের ব্যাপারে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অকৃতকার্য শিক্ষার্থীরা অনশন করছে, তবে অসুস্থ হলে চিকিৎসা নিবে।’
‘‘আন্দোলনকারী শিক্ষার্থীরা এখনই বিশ্ববিদ্যালয়ের অনুশাসন না মেনে শহীদ মিনারে অবস্থান করছে। তারা কিভাবে দ্বিতীয়বার ভর্তির সুযোগের দাবি করে।’’
