২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জালিয়াতি করে ঢাবিতে কেউ ভর্তি হয়নি: শিক্ষামন্ত্রী

প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ‘সতর্ক’ থাকায় জালিয়াতি করে কোনো শিক্ষার্থী এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পায়নি বলে দাবি করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2014, 08:00 PM

Updated : 22 Aug 2022, 07:51 PM

বৃহস্পতিবার বিকালে স্পিকার শিরীর শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু দশম সংসদের চতুর্থ অধিবেশনে প্রশ্নোত্তরে এ দাবি করেন তিনি।

সরকার দলীয় সাংসদ ইসহাক হোসেন তালুকদারের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হওয়ার আগে প্রশ্নোত্তর পর্ব টেবিলে উপস্থাপিত হয়।

জামালপুর-২ আসনের সাংসদ ফরিদুল হক খানের তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাকে প্রশ্নবিদ্ধ করতে কিছু বিচ্ছিন্ন প্রচেষ্টা চালানো হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক থাকায় দুষ্কৃতকারী ও সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের চিহ্নিত করে তাৎক্ষণিকভাবে আইন প্রয়োগকারী সংস্থার হাতে সোপর্দ করা হয়েছে।”

Image
ফাইল ছবি

ফাইল ছবি

ভর্তি পরীক্ষায় জালিয়াতি বন্ধে কঠোর অবস্থানের কথা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, “ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সম্ভাব্য জালিয়াতি রোধে আরো কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”

বেগম ওয়াসিকা আয়শা খানের এক প্রশ্নের জবাবে নাহিদ বলেন, পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির ক্ষেত্রে একটি অভিন্ন নীতিমালা প্রণয়ন  সরকারের বিবেচনায় রয়েছে।

“এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশেষজ্ঞদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিষয়টি আরো নিরীক্ষা ও পর্যালোচনা করা প্রয়োজন।”

দেশের প্রতিটি জেলায় একটি করে পাবলিক বা বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের কাজ চলমান রয়েছে বলেও জানান তিনি।

স্বতন্ত্র সংসদ সদস্য রুস্তম আলী ফরাজীর প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, দেশের মেধাবীদের শিক্ষকতা পেশায় আকৃষ্ট করতে শিক্ষকদের জন্য পৃথক বেতন কাঠামো প্রণয়নের বিষয়টি সরকারের পরিকল্পনায় রয়েছে।