২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএসসির কেন্দ্র পরিদর্শককে অব্যাহতি

পরীক্ষার কক্ষে মোবাইল ফোন ব্যবহারের অভিযোগে রংপুরের পীরগঞ্জ উপজেলায় একটি জেএসসি পরীক্ষা কেন্দ্রের পাঁচ শিক্ষককে পরিদর্শকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2014, 07:30 PM

Updated : 22 Aug 2022, 07:51 PM

বৃহস্পতিবার চতরা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম জিয়াউল ইসলাম এ ব্যবস্থা নেন।

ওই শিক্ষকরা হলেন শহিদুল ইসলাম, একরামুল হক, বেলাল হোসেন, মোনাজ্জল হোসেন ও শ্যামল কুমার রায়। তারা বিভিন্ন স্কুল থেকে এসে কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন করছিলেন।

চতরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব একেএম শহীদুজ্জামান বলেন, ইউএনও পরিদর্শন করার সময় ওই শিক্ষকদের মোবাইল ফোনে কথা বলতে দেখেন। এরপর তিনি তাৎক্ষণিকভাবে তাদের কক্ষ পরিদর্শকের দায়িত্ব থেকে অব্যাহতি দেন।

“পরীক্ষা চলাকালে কক্ষে নয় পরীক্ষা কেন্দ্রেই মোবাইল ফোন ব্যবহার এবং সঙ্গে রাখা নিষিদ্ধ করেছে শিক্ষা বোর্ড। মোবাইল ফোন ব্যবহার না করার জন্য শিক্ষকদের নিষেধও করা হয়েছে। নিষেধ অমান্য করলে শাস্তি তো ভোগ করতেই হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম জিয়াউল ইসলাম বলেন, “এরপর কোনো শিক্ষক মোবাইল ফোন সঙ্গে রাখলে বা ব্যবহার করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”