২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদার

নগরকান্দার বিএনপি নেতা পলাতক জাহিদ হোসেন খোকন ওরফে খোকন রাজাকারের যুদ্ধাপরাধ মামলার রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2014, 09:34 AM

Updated : 25 Apr 2022, 04:58 PM

বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বৃহস্পতিবার সকাল ১০টার পর এ মামলার রায় ঘোষণা করবে।

একাত্তরে হত্যা, ধর্ষণ, ধর্মান্তরে বাধ্য করা, লুটপাট ও অগ্নিসংযোগের মতো মানবতাবিরোধী অপরাধের ১১টি অভিযোগ রয়েছে ফরিদপুরের নগরকান্দা পৌরসভার বরখাস্ত মেয়র খোকনের বিরুদ্ধে।

শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রায়কে কেন্দ্র করে আদালত এলাকায় কেউ যাতে বিশৃঙ্খলা করতে না পারে, সেজন্য যথেষ্ট নিরাপত্তা নেওয়া হয়েছে।”

পুলিশের পাশাপাশি র‌্যাব সদস্যদেরও পুরাতন হাই কোর্ট সংলগ্ন ট্রাইব্যুনাল এলাকায় সতর্ক থাকতে দেখা গেছে। তবে আগের রায়ের মতো রাস্তায় পুলিশের কোনো ব্যারিকেড দেখা যায়নি।

কদম ফোয়ারা, দোয়েল চত্বর ও সরকারি কর্মজীবী হাসপাতালে সামনে আগের রায়ের দিনগুলোতে ব্যারিকেড ও তল্লাশির ব্যবস্থা দেখা গেলেও বৃহস্পতিবার সকালে এসব মোড়ে স্বাভাবিকভাবেই যান চলাচল করতে দেখা যায়।

যুদ্ধাপরাধের আগের রায়ের দিনগুলোতে সকালে কেন্দ্রীয় কারাগার থেকে আসামিদের কড়া নিরাপত্তার মধ্যে আদালতে নিয়ে আসতে দেখা গেছে।  যুদ্ধাপরাধের মামলায় অভিযুক্ত খোকন তদন্তের শুরু থেকেই পলাতক থাকায় এদিন তা করতে হচ্ছে না।    

শাহবাগ থানার পরিদর্শক (পেট্রোল) মো. শাহীদুল ইসলাম বলেন, “ট্রাইব্যুনালের বাইরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মানুষের অসুবিধার বিষয়টি চিন্তা করে রাস্তাগুলো খোলা রাখা হয়েছে।”