হুমায়ূনকে নিয়ে প্রদর্শনী শুরু
প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের পাণ্ডুলিপি, চিত্রকর্ম, আলোকচিত্র ও তার ব্যবহৃত নানা জিনিস নিয়ে জাতীয় জাদুঘরে শুরু হয়েছে প্রদর্শনী।
বুধবার থেকে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে ১৫ দিন। বৃহস্পতিবার ছাড়া সপ্তাহের অন্যান্য সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত তা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। শুক্রবার বেলা আড়াইটা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত প্রদর্শনী দেখা যাবে।
বিকালে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে শুরু হওয়া এই প্রদর্শনীতে প্রয়াত লেখক, নাট্যকার-চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের নানা বই, পাণ্ডুলিপি, চিঠিপত্র, হাতে আঁকা ছবি, ব্যবহৃত সামগ্রী ও স্মৃতিস্মারক স্থান পেয়েছে। হুমায়ূনের নির্মিত নাটক ও চলচ্চিত্র প্রদর্শিত হবে, যা বিনামূল্যে দেখা যাবে।
প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী প্রদর্শনীর উদ্বোধন করেন।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে হুমায়ূন আহমেদের ভাই লেখক মুহম্মদ জাফর ইকবাল, প্রয়াতের স্ত্রী মেহের আফরোজ শাওন, জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী, অভিনেতা আলী জাকের ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরসহ অন্যারা উপস্থিত ছিলেন।
প্রদর্শনীতে হুমায়ূন আহমেদ রচিত ৩৩৪টি বই, হুমায়ূন আহমেদকে নিয়ে লেখা ৩২টি বই, লেখকের ৬২টি আলোকচিত্র, হুমায়ূন আহমেদের ৩৪টি চিত্রকর্ম ও ম্যুরাল, ৫৯টি স্মৃতি নিদর্শন রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে গওহর রিজভী বলেন, “যতদিন বাংলা ভাষা থাকবে হুমায়ূন আহমেদ বাংলা ভাষাভাষীদের কাছে ততদিন অমর হয়ে থাকবেন। জাদুঘরের পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালা হুমায়ূন আহমেদকে নতুন করে জানার সুযোগ করে দেবে।”
হুমায়ূনের নাটকে অভিনয় করে ‘বাকের ভাই’ নামে দেশব্যাপী পরিচিতি পাওয়া সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, “হুমায়ূন আহমেদের সঙ্গে আমার একটা অসাধারণ বোঝাপড়া ছিল। তিনি যদি না লিখতেন তাহলে আমি আসাদুজ্জামান নূর টেলিভিশনের নায়ক হতে পারতাম না।”
তিনি বলেন, “আমরা ঘরোয়াভাবে হুমায়ূন আহমেদের জন্মদিন পালন করে থাকি। তার ভক্তদের কথা চিন্তা করে জাতীয়ভাবে তার জন্মদিন উদযাপন করা হবে বলে আমি আশা করি।”
এছাড়া জাতীয় জাদুঘরে হুমায়ূন আহমেদের কর্ম নিয়ে একটি কর্নার চালু করার দাবিও জানান তিনি।
