শাহবাগে অবস্থানের ঘোষণা গণজাগরণ মঞ্চের
মানবতাবিরোধী অপরাধে ফরিদপুরের বিএনপি নেতা জাহিদ হোসেন খোকনের সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগে অবস্থান করবে গণজাগরণ মঞ্চ।
ফরিদপুরের নগরকান্দা পৌরসভার মেয়র খোকনের বিরুদ্ধে একাত্তরে হত্যা, ধর্ষণ, ধর্মান্তরে বাধ্য করা, লুটপাট ও অগ্নিসংযোগের মতো মানবতাবিরোধী অপরাধের ১১টি অভিযোগ রয়েছে।
বৃহস্পতিবার পলাতক খোকনের যুদ্ধাপরাধ মামলায় রায় ঘোষণার দিন রেখেছে বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
তার সর্বোচ্চ শাস্তির দাবিতে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রায় ঘোষণা না হওয়া পর্যন্ত গণজাগরণ মঞ্চের কর্মীরা শাহবাগে প্রজন্ম চত্বরে অবস্থান করবেন বলে বুধবার রাতে মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার জানিয়েছেন।
এর আগে গত ১৭ এপ্রিল যুক্তিতর্ক উপস্থাপন শেষে খোকনের মামলা রায়ের জন্য অপেক্ষমাণ রাখে ট্রাইব্যুনাল। পলাতক খোকনের পক্ষে মামলার শুনানি করেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আব্দুস শুকুর খান।
গত বছরের ৯ অক্টোবর অভিযোগ গঠনের মধ্য দিয়ে খোকনের বিরুদ্ধে বিচার শুরু করে ট্রাইব্যুনাল। সাক্ষ্যগ্রহণ শেষ হয় চলতি বছরের ২ এপ্রিল।
২০১১ সালে নগরকান্দা পৌরসভার মেয়র নির্বাচিত হন খোকন। মেয়র হিসেবে শপথ নেওয়ার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।
