২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের হালিশহরে ৯ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

বকেয়া বিল পরিশোধ না করা এবং অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করায় চট্টগ্রামের হালিশহর এলাকায় অভিযান চালিয়ে নয় গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2014, 09:57 PM

Updated : 22 Aug 2022, 07:51 PM

বুধবার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাসুদুল হকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত অভিযানে সাতটি মামলা এবং এক লাখ টাকা জরিমানাও করা হয়।

পিডিবির জনসংযোগ বিভাগের জ্যেষ্ঠ সহকারী পরিচালক মনিরুজ্জামান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অবৈধ বিদ্যুৎ সংযোগ এবং আট লাখ ৩৫ হাজার টাকা বিল বকেয়া রাখার অপরাধে হালিশহর দাইয়াপাড়া এলাকার শফিকুল মাওলাকে ৫০ হাজার টাকা জরিমানা ছাড়াও তার বিরুদ্ধে মামলা করা হয়।

এছাড়া চার লাখ ৩১ হাজার ১৪১ টাকা বকেয়া বিলের অভিযোগে গোলাম কিবরিয়া ও হাজী নজু মিয়া সওদাগর বাড়ির মো. রফিক আহমদের সংযোগ বিচ্ছিন্ন করে মামলা করে ভ্রাম্যমাণ আদালত।

অবৈধ সংযোগের অপরাধে ওয়াপদা মোড় এলাকার মো. ইমরান, সোহান ও ‘জি’ ব্লকের মো. বাবুলকে এক হাজার টাকা করে, ‘এইচ’ ব্লকের মো. সেলিম উদ্দিনকে ২০ হাজার এবং মির্জাপুর এলাকার মো. রাশেদকে ৩০ হাজার টাকা জরিমানার পাশাপাশি প্রত্যেকের বিরুদ্ধে মামলা করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।