২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেরি করে গিয়ে যানজট নিয়ে ক্ষোভ মুহিতের

একটি অনুষ্ঠানে দেরিতে পৌঁছে তার জন্য যানজটকে দায়ী করে ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2014, 07:36 PM

Updated : 25 Apr 2022, 04:57 PM

সোনারগাঁও হোটেলে বাংলাদেশ ব্যাংক ও এসএমই ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে দুদিনব্যাপী এসএমই ফাইন্যান্সিং ফেয়ারের উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী ছিলেন প্রধান অতিথি।

বুধবার সকাল ১০টায় এই মেলার উদ্বোধন হওয়ার কথা থাকলেও অর্থমন্ত্রী প্রায় এক ঘণ্টা পরে অনুষ্ঠানে যোগ দেন।

এরপর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে অর্থমন্ত্রী দেরির জন্য দুঃখ প্রকাশ করে যানজটকে দায়ী করেন।

মুহিত জানান, সকালে বেরিয়ে সদ্যপ্রয়াত অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকীর বাড়িতে গিয়েছিলেন তিনি, এরপর তিনি এই অনুষ্ঠানস্থলে রওনা হন।   

“অধ্যাপক জিল্লূর রহমান আমার গুরুজনের মতো। তার মৃত্যুর পর তার বাড়িতে না গিয়ে বা তার স্বজনদের সাথে দেখা না করে সকাল শুরু করব, এটা ভাবতে পারি না। আমি সেখানে গিয়েছিলাম।”

“সেটাও দেরি হওয়ার মূল কারণ নয়। মুল কারণ ট্রাফিক সিস্টেম। আমাদের ট্রাফিক ম্যানেজমেন্ট পুওর।”

ফিটনেসবিহীন গাড়ি আটকাতে রাজধানীর বিভিন্ন স্থানে বিআরটিএ’র অভিযান চলছে, সড়কে গাড়ি থামিয়ে কাগজপত্র পরীক্ষা হওয়ায় তাতে যানজটের সৃষ্টি হচ্ছে বলে নগরবাসী অনেকের অভিযোগ।  

অর্থমন্ত্রী বলেন, “টাকা খরচ করে রাস্তাগুলোতে ট্রাফিক সিগন্যাল স্থাপন করা হয়েছে। কিন্তু তা মানার সংস্কৃতি আমাদের নেই। তাহলে এই বাতি লাগানোর মানে কী ?

“৩০ মিনিটের রাস্তা ৪৫ মিনিট লাগতে পারে, এটা যখন এক থেকে দেড় ঘণ্টা লাগে, তা ঠিক না।”

যানবাহন ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে দায়ী করে মুহিত বলেন, “আমাদের কি রাস্তাঘাট ছোট? নিশ্চয়ই না। আপনারা ছুটির দিনে যখন বের হন নিশ্চয়ই তা উপলব্ধি করেন। দোষ রাস্তার না। সমস্যা আমাদের ম্যানেজমেন্টের।”

এক পর্যায়ে এক অনুষ্ঠানে এসে অন্য বিষয়ে কথা বলার জন্য দুঃখ প্রকাশ করে তিনি বলেন, “এই অনুষ্ঠানে এই কথা বলার কথা নয়। অনুষ্ঠানের সাথে সম্পর্কিত না, কিন্তু আমি খুবই ডিস্টার্বড ফিল করছি।”