আকাশপথে জঙ্গি হামলা ঠেকাতে সতর্কতার পরামর্শ
আকাশপথে জঙ্গি হামলা ঠেকাতে বাংলাদেশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার পরামর্শ দিয়েছেন ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ)-এর ভাইস প্রেসিডেন্ট কনর্যাড ক্লিফোর্ড।
বুধবার রাজধানীর হোটেল রিজেন্সিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ও আইএটিএ’র দিনব্যাপি সেমিনারে তিনি বলেন, “ভারতীয় উপমহাদেশ এ মুহুর্তে জঙ্গি হামলার হুমকিতে রয়েছে। এ অঞ্চলের আকাশপথকে জঙ্গিবাদ মুক্ত রাখাটাই এখন বড় চ্যালেঞ্জ।”
গত তিন মাসে আকাশ পথে নিরাপত্তা ব্যবস্থার ‘যথেষ্ট উন্নতি হয়েছে’ বলেও মন্তব্য করেন তিনি।
“আমাদের সীমিত জনবল দিয়েই যাত্রী সেবার মান বজায় রাখতে হবে। কারণ ২৮ টি আন্তর্জাতিক বিমান সংস্থা এদেশে ফ্লাইট চালিয়ে আসছে। আর এ বাজার দিনদিন বড় হচ্ছে।”
সারা বিশ্বে যাত্রী ও মালামাল পরিবহনকারী আভ্যন্তরীন ও আন্তর্জাতিক বিমান পরিবহন প্রতিষ্ঠানগুলোর সংস্থা হচ্ছে আইএটিএ। এর কাজ হলো আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (আইকাও) এর নির্দেশনা মোতাবেক সদস্য রাষ্ট্রগুলোর বিমানবন্দরে নিরাপত্তা ও যাত্রী সেবার মান সমুন্নত রাখতে সহযোগিতা করা।
দিনব্যাপি এ সেমিনারে আইকাও-এর স্ট্যান্ডার্ড অ্যান্ড রিকমেন্ডেশন প্র্যাকটিস আরও ফলপ্রসূ কীভাবে বাংলাদেশে বাস্তবায়ন করা যায় তা নিয়ে আলোচনা করা হবে।
