মালিবাগে অপহৃত শিশু রূপগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ৫
রাজধানীর মালিবাগ থেকে অপহৃত আড়াই বছরের এক শিশুকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার গভীর রাতে উপজেলার নলপাথর গ্রামের একটি বাড়িতে এ অভিযান চালানো হয়। এ সময় অপহরণে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন এই তথ্য জানান।
উদ্ধার তানজীম নুরে ইলাহী ইফাজ মালিবাগ এলাকার শাহেদা আক্তার চামেলির ছেলে।
গ্রেপ্তাররা হলেন নেয়ামত আলী, মো. হুমায়ুন কবির ভুইয়া, মো. নুর নবী মিয়া, মো. মিলন ও মো. শামীম।
তানজিমের মা শাহেদা আক্তার চামেলি জানান, মঙ্গলবার দুপুরে রাজধানীর মালিবাগ আবুল হোটেলের পাশে নিজের মালিকানাধীন সাজ পোশাক বুটিক হাউজে কাজ করছিলেন তিনি।
এরপর তিনি বিষয়টি রামপুরা থানা ও র্যাবকে জানান।
তিনি বলেন, “এরপর অপহরণকারী চক্র কয়েকদফা মোবাইল ফোন করে নারায়ণগঞ্জের মদনপুর এলাকায় টাকা নিয়ে যাওয়ার জন্য বলে ফোন কেটে দেয়।”
পুলিশের সংবাদ সম্মেলনে জানানো হয়, রাত দেড়টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা পুলিশ এশিয়ান হাইওয়ে সড়কে টহল দেয়ার সময় তিন যুবকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে।
তারা স্বীকার করে একটি শিশুকে অপহরণ করে রূপগঞ্জের শামীমের বাড়িতে আটকে রেখেছে। পরে পুলিশ গিয়ে ওই বাড়ির একটি ঘর থেকে তালাবদ্ধ অবস্থায় শিশু তানজীমকে উদ্ধার এবং জড়িত পাচঁ অপহরণকারীকে গ্রেপ্তার করে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সাজ্জাদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. জাকারিয়া প্রমুখ।
