২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামপুরায় দগ্ধ স্কুলছাত্রীর মুত্যু

রাজধানীর রামপুরার এক বাসায় পাঁচ দিন আগে অগ্নিকাণ্ডে দগ্ধ তিনজনের মধ্যে সাত বছর বয়সী এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2014, 05:21 PM

Updated : 22 Aug 2022, 07:51 PM

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে আশরাফি আক্তার নামের মেয়েটির মৃত্যু হয় বলে হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান।

আশরাফি রামপুরার খালেদ হায়দার মেমোরিয়াল স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। তার খালা একই সকুলের সপ্তম শ্রেনীর ছাত্রী তানজিলা আক্তার শিলা (১৩) এবং তাদের গৃহশিক্ষক আশরাফুল ইসলামও (২৪) গত শুক্রবারের ওই ঘটনায় দগ্ধ হন।

তিতুমীর কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র আশরাফুলের বাসা পশ্চিম উলনে আশরাফিদের বাসার পাশেই। সেখানেই প্রাইভেট পড়ানোর সময় অগ্নিকাণ্ড ঘটে।

পুলিশ বলছে, দীর্ঘসময় বন্ধ থাকায় ওই ঘরে গ্যাস জমে গিয়েছিল। গ্যাসের গন্ধ পেয়ে কৌতুহলবশত শিলা একটি ম্যাচের কাঠি জ্বালালে মুহূর্তের মধ্যে ঘরে আগুন ছড়িয়ে পড়ে।

অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে এলেও আশরাফির শরীরের ২৮ শতাংশ এবং শিলার ৩৬ শতাংশ পুড়ে যায় বলে মোজাম্মেল হক জানান।