২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেই ছাগলগুলি মালিকের কাছে

বগুড়ার এক সংসদ সদস্যের উদ্যানের গাছ ও ফুলবাগান নষ্ট করার পর থানায় নিয়ে বেঁধে রাখা পাঁচ ছাগলকে মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2014, 05:13 PM

Updated : 25 Apr 2022, 04:57 PM

শেরপুর সদরে হাসপাতাল রোডে সাংসদ হাবিবুর রহমানের বাড়িতে শনিবার বিকালে এ ঘটনা ঘটে।

শেরপুর থানার ওসি আলী আহম্মেদ হাসমী জানান, সংসদ সদস্য হাবিবুর রহমানের বাড়িতে প্রায় আড়াইশ প্রজাতির বিভিন্ন ধরনের গাছ রয়েছে। গাছগুলির রক্ষণাবেক্ষণের জন্য মালি রাখা হয়েছে।

শনিবার স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের জনসভা শেষে সংসদ সদস্য হাবিবুর রহমান ঢাকায় চলে যান। সন্ধ্যায় এক ফাঁকে ছাগলগুলো বাগানে ঢুকে কিছু গাছ নষ্ট করে।

পরে মালি রতন দাস ছাগলগুলো খোয়াড়ে নিয়ে আসেন। খোয়াড়টা ছিল থানার পাশে। খোয়াড়ের মালিককে না পেয়ে তিনি থানার মধ্যে ছাগলগুলি বেঁধে রাখেন।

ওসি বলেন, পরে ছাগলগুলি মালিককে ফিরিয়ে দেয়া হয়েছে।

তবে তিনি ছাগলের মালিকের নাম জানাতে পারেননি।

এ ব্যাপারে হাবিবুর রহমান বলেন, “প্রায় আড়াইশ প্রজাতির গাছ আমি আমার বাড়িতে লাগিয়েছি। আমি একজন গাছপ্রেমি মানুষ। হয়ত বা মালি মনে করেছে আমার গাছ নষ্ট হওয়ার কারণে চাকরি যাবে। তাই সে এ কাজ করে থাকতে পারে “