রিপার ‘ঘাতক’ দুই ছিনতাইকারী রিমান্ডে
রাজধানীর সোবহানবাগে ছিনতাইকারীর কবলে পড়ে রিকশাআরোহী আয়েশা আক্তার রিপার মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত।
এরা হলেন- মো. আবুল কালাম আজাদ ও মো. হেমায়েত হোসেন ওরফে হিমু।
বুধবার ঢাকার ১ নম্বর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলমগীর কবির রাজ দুজনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ধানমণ্ডি থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন আসামিদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের হেফাজতে নেওয়ার আবেদন করেন। রিমান্ড আবেদন বাতিল এবং তাদের জামিন চেয়ে আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা।
শুনানি শেষে বিচারক আসামিপক্ষের দুই আবেদন বাতিল করে দুজনকে চার দিনের পুলিশ হেফাজতে পাঠান বলে আদালত পুলিশের কর্মকর্তা মাহমুদুর রহমান জানান।
গত ২৮ অক্টোবর সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডির সোবহানবাগ মসজিদের সামনে দিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীদের কবলে পড়েন গৃহবধূ আয়েশা আক্তার রিপা।
৩/৪ জন ছিনতাইকারী মাইক্রোবাস থেকে রিকশাআরোহী রিপার ব্যাগ ধরে টান দেয়। ব্যাগের হাতল রিপার হাতে আটকে থাকায় টান লেগে তিনি রিকশা থকে পড়ে যান। ওই অবস্থায় মাইক্রোবাসটি তাকে রাস্তায় ছেঁচড়ে প্রায় ৫০০ গজ টেনে নিয়ে যায়। এক পর্যায়ে ছিনতাইকারীরা ব্যাগটি পেয়ে চলে যায়।
পথচারীরা রিপাকে উদ্ধার করে ধানমণ্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
তাদের কাছে চারটি হাতব্যাগ, একটি ল্যাপটপের ব্যাগ ও দুটি চাপাতি পাওয়া গেছে বলে জানিয়েছেন মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।
পুলিশের ভাষ্যমতে, ওই দিন মাইক্রোবাসটি চালাচ্ছিলেন কালাম। হিমু গাড়ি থেকে রিপার ব্যাগ ধরে টান দেয়। আর ঘণ্টায় দেড় হাজার টাকায় গাড়িটি ভাড়া নিয়েছিলেন রতন।
হিমু ও কালাম আগেও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।
গৃহবধূ রিপা লালমাটিয়া এ ব্লকের পানির ট্যাংকের পেছনের একটি বাসায় থাকতেন। তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে। স্বামীর নাম মোহাম্মদ শিমুল। রাইসা নামে নয় বছর বয়সী একটি মেয়ে আছে তাদের।
