রিপার ‘ঘাতক’ তিন ছিনতাইকারী গ্রেপ্তার
রাজধানীর সোবহানবাগে ছিনতাইকারীর কবলে পড়ে রিকশাআরোহী আয়েশা আক্তার রিপার মৃত্যুর দুই সপ্তাহ পর ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এই তিনজন হলেন- মো. আবুল কালাম, মো. হেমায়েত হোসেন ওরফে হিমু ও মো. আলমগীর হোসেন ওরফে রতন।
ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম মঙ্গলবার পুলিশের গণমাধ্যম শাখায় এক ব্রিফিংয়ে জানান, সোমবার রাতে মিরপুর ৬ নম্বর সেকশন থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।
তাদের কাছে চারটি হাতব্যাগ, একটি ল্যাপটপের ব্যাগ ও দুটি চাপাতি পাওয়া গেছে বলেও জানান তিনি।
ফাইল ছবি
৩/৪ জন ছিনতাইকারী মাইক্রোবাস থেকে রিকশাআরোহী রিপার ব্যাগ ধরে টান দেয়। ব্যাগের হাতল রিপার হতে আটকে থাকায় টান লেগে তিনি রিকশা থকে পড়ে যান। ওই অবস্থায় মাইক্রোবাসটি তাকে রাস্তায় ছেঁচড়ে প্রায় ৫০০ গজ টেনে নিয়ে যায়। এক পর্যায়ে ছিনতাইকারীরা ব্যাগটি পেয়ে চলে যায়।
পথচারীরা রিপাকে উদ্ধার করে ধানমণ্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, সেদিন মাইক্রোবাসটি চালাচ্ছিলেন আবুল কালাম। হিমু গাড়ি থেকে রিপার ব্যাগ ধরে টান দেয়। আর ঘণ্টায় দেড় হাজার টাকায় গাড়িটি ভাড়া নিয়েছিলেন রতন।
“হিমু ও আবুল কালাম আগেও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। কিন্তু আইনের ফাঁক গলে তারা জামিন পেয়ে যান। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
গৃহবধূ রিপা লালমাটিয়া এ ব্লকের পানির ট্যাংকের পেছনের একটি বাসায় থাকতেন। তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে। স্বামীর নাম মোহাম্মদ শিমুল। রাইসা নামে নয় বছর বয়সী একটি মেয়ে আছে তাদের।
