‘ধর্ষণে ব্যর্থ হয়ে’ গৃহবধূকে কুপিয়ে হত্যা
সিরাজগঞ্জের তাড়াশে ধর্ষণে ব্যর্থ হয়ে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
নিহত মালেকা বেগম (৫০) উপজেলার তালম ইউনিয়নের দামড়া গ্রামের মৃত আফজাল হোসেনের স্ত্রী।
আটক মোক্তার হোসেন (৩৫) একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
গ্রামবাসীর বরাত দিয়ে তাড়াশ থানার ওসি আতাউর রহমান জানান, বেশ কয়েক বছর আগে মালেকা বেগমের স্বামী মারা গেছেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মেয়েকে বিয়ে দিয়েছেন এবং ছেলে বাইরে থেকে লেখাপড়া করায় তিনি বাড়িতে একা থাকেন।
তিনি বলেন, “এই সুযোগে পাশের বাড়ির মোক্তার হোসেন মঙ্গলবার রাতে মালেকার ঘরে ঢুকে জোরপূর্বক তাকে ধর্ষণের চেষ্টা করে। ব্যর্থ হয়ে এক পর্যায়ে মালেকাকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।
“আহত মালেকার চিৎকারে গ্রামবাসী এগিয়ে এসে যুবক মোক্তারকে আটক করে পিটুনি দেয়। কিছুক্ষণ পর ঘরেই মালেকা মারা যান।”
খবর পেয়ে বুধবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে এবং মোক্তারকে আটক করেছে বলে জানান ওসি আতাউর।
