সুনামগঞ্জে সুরমায় নৌকাডুবি, আহত ১০
সুনামগঞ্জ শহরতলীতে সুরমা নদীতে জেএসসি পরীক্ষরার্থী বোঝাই ইঞ্জিনচালিত একটি নৌকা ডুবে অন্তত ১০ জন আহত হয়েছেন। এতে কেউ নিখোঁজ হয়নি।
সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাফায়াত মাহবুব বলেন, “এ ঘটনায় কেউ নিখোঁজ হয়নি। আমরা আহতদের ব্যাপারে খোঁজ খবর নিয়েছি।”
স্থানীয়রা জানান, সদর উপজেলার সুরমা ইউনিয়নের হালুয়ারঘাট থেকে প্রায় দেড় শতাধিক জেএসসি পরীক্ষার্থী নিয়ে ইঞ্জিন চালিত নৌকাটি শহরে উকিলপাড়া এলাকায় যাচ্ছিল। নৌকাটি ধারারগাও এলাকায় আসার পর তলা ফেটে ডুবে যেতে শুরু করলে নৌকায় থাকা শিক্ষার্থীরা লাফিয়ে পড়ে সাঁতার কেটে তীরে ওঠে। এ সময় ১০ শিক্ষার্থী আহত হয়।
স্থানীয়রাই ডুবে যাওয়া নৌকাটিকে উদ্ধার করে তীরে তোলেন।
নৌকা থাকা শিক্ষার্থী আলেয়া বেগম জানায়, অনেক দিনের পুরানো নৌকাটিতে অতিরিক্ত যাত্রী থাকায় সেটি ডুবে যায়। নৌকাটি ডুবে যাওয়ার সময় নদীর পাড়ের কাছাককাছি থাকায় সবাই সাঁতরে পাড়ে উঠতে পেরেছে।
এদিকে নৌকাডুবির পর পুলিশ, ফায়ার সার্ভিস ও জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
