আদালত অবমাননা: কামারুজ্জামানপুত্রের গ্রেপ্তার দাবি
সর্বোচ্চ আদালতের দেওয়া চূড়ান্ত রায়কে 'ন্যায়ভ্রষ্ট' বলায় যুদ্ধাপরাধী মো. কামারুজ্জামানের ছেলে হাসান ইকবালের গ্রেপ্তার দাবি করেছে শেরপুরের মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা।
স্বাধীন বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আলবদর কমান্ডারের ছেলের এমন বক্তব্য ‘ধৃষ্টতাপূর্ণ’ ও ‘অমার্জনীয় অপরাধ’ বলে মনে করেন তারা।
গত বছর মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের রায়ের পর গত ৩ নভেম্বর আপিলের চূড়ান্ত রায়েও আলবদর কমান্ডার কামারুজ্জামানের মৃত্যুদণ্ড বহাল রাখে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট।
এরপর ফাঁসির দণ্ড কার্যকর এবং রিভিউ আবেদন নিয়ে চলমান বিতর্কের মধ্যে গত সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে সংবাদ সম্মেলনে আপিল বিভাগের রায়কে ‘ন্যায়ভ্রষ্ট’ বলে মন্তব্য করেন কামারুজ্জামানের ছেলে হাসান ইকবাল।
তার ওই প্রতিক্রিয়া নিয়ে খোদ অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ক্ষোভ প্রকাশ করে বলেন, এটা স্পষ্ট আদালত অবমাননা।
মুক্তিযোদ্ধা তালাপতুফ হোসেন মঞ্জু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কামারুজ্জামানের ছেলে সর্বোচ্চ আদালত সম্পর্কে যে মন্তব্য করেছেন একজন মুক্তিযোদ্ধা হিসেবে তা মেনে নিতে পারি না। এই মুহূর্তে তাকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।"
মুক্তিযুদ্ধের সংগঠক ও শেরপুর জেলা সেক্টর কমান্ডারস ফোরাম সভাপতি আমজাদ হোসেন বলেন, "যুদ্ধাপরাধীর ছেলের এই বক্তব্যে মনে হচ্ছে কেন আদালত তার বাবার পক্ষে রায় দিল না তাই তিনি এ রায় মানেন না। দেশবাসী জানে কামারুজ্জামান কি করেছে। ওর (কামারুজ্জামানের ছেলে হাসান ইকবাল) জন্ম ওর বাবার আগে হয় নাই।"
শেরপুর জেলা দায়রা জজ আদালতের প্রসিকিউটর চন্দন কুমার পাল বলেন, "যুদ্ধাপরাধী কামারুজ্জামানের ছেলে সর্বোচ্চ আদালত সম্পর্কে যে বক্তব্য রেখেছে তা চরমভাবে আদালত অবমাননার সামিল। আমি মনে করি তার এই বক্তব্যের কারণে তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করা উচিত।"
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রত্যক্ষদর্শী হিসেবে কামারুজ্জামানের বিরুদ্ধে সাক্ষ্য দেন মনোয়ার হোসেন খান ওরফে মোহন মুন্সি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "১৯৭১ সালে নয়ানি বাজারের ব্যবসায়ী সুরেন্দ্র মোহন সাহার বাসায় স্থাপিত আলবদর বাহিনীর ক্যাম্প ও টর্চার সেলে বসে কামারুজ্জামান সোহাগপুর গণহত্যার নীল নকশা তৈরি করে এবং গণহত্যা চালায়।"
"ওই ক্যাম্পের দারোয়ান হিসেবে সেখানে উপস্থিত থেকে আমি তা শুনেছি। আগের দিন পরিকল্পনা করে পরের দিন গণহত্যা চালায়। অথচ তার ছেলের বক্তব্য শুনে মনে হচ্ছে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে।"
