তিন ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল শুরু
মালবাহী ট্রেনের বগি উল্টে চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ থাকার সোয়া তিন ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
পূর্বাঞ্চল রেলের বিভাগীয় রেল কর্মকর্তা মুরাদ হোসেন জানান, বুধবার সকাল সোয়া ১০টার দিকে ফৌজদারহাট স্টেশনের কাছে এ দুর্ঘটনা হয়।
উল্টে যাওয়া বগি সরিয়ে নেওয়ার পর দুপুর দেড়টার দিকে ট্রেন চলাচল শুরু হয়েছে।
এর আগে সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, ঢাকা থেকে চট্টগ্রাম বন্দরে যাওয়ার পথে মালবাহী ওই ট্রেনটির তিনটি বগি লাইন থেকে বেরিয়ে উল্টে যায়। ফলে চট্টগ্রামের সঙ্গে ঢাকাসহ সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
এদিকে রেল লাইন বন্ধ থাকায় চট্টগ্রাম স্টেশনে আটকে থাকা চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেসসহ অন্যান্য সব ট্রেন দেড়টার পর গন্তব্যের উদ্দেশ্য যাত্রা করে বলে জানিয়েছেন পূর্বাঞ্চল রেলের এই বিভাগীয় রেল কর্মকর্তা।
