২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পূর্ত সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

হাই কোর্টের স্থিতাবস্থা থাকা জমিতে ভবন নির্মাণের উদ্যোগ নেওয়ায় গণপূর্ত সচিবসহ ছয় কর্মকর্তার বিরুদ্ধে আদালত অবমাননার রুল দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2014, 10:53 PM

Updated : 22 Aug 2022, 07:50 PM

কক্সবাজারের রামু উপজেলার গোলাম শরীফ নামে এক ব্যক্তির স্ত্রী ও পাঁচ সন্তানের করা একটি আবেদন শুনানি করে মঙ্গলবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের বেঞ্চ এই আদেশ দেয়।

বিবাদীরা হলেন- গৃহায়ন ও গণপূর্ত সচিব মো. গোলাম রাব্বানী, গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী মো. কবির আহমেদ ভূঁইয়া, পিডাব্লিউডির কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো. তাসলিম উদ্দিন জমাদার, কক্সবাজারের জেলা প্রশাসক রুহুল আমিন, এডিসি (রাজস্ব) জাফর আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ হোসেন।

বিবাদীদের কেন আদালত অবমাননার অভিযোগে শাস্তি দেওয়া হবে না, রুলে দুই সপ্তাহের মধ্যে তা জানাতে বলেছে আদালত।

আদালতে বাদীপক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাদীপক্ষের কিছু জমি ভুলক্রমে বিএস খতিয়ানে খাস হিসাবে দেখানো হয়েছে। ১৯৯৮ সালে তারা ওই জমির দখল চালিয়ে নিতে আদালতের রায় পান। কিন্তু সেখানকার কর্মকর্তারা জমির মালিকদের খতিয়ান করে দিচ্ছিলেন না।”

জ্যোতির্ময় বড়ুয়া জানান, ২০১৩ সালে সরকারি কর্মকর্তাদের এই নিষ্ক্রিয়তা নিয়ে হাই কোর্ট রুল দেয় এবং জমিতে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেয়। এর মধ্যে গণপূর্ত বিভাগ সেখানে ফায়ার ব্রিগেডের কার্যালয় স্থাপনের উদ্যোগ নেয়।

“হাই কোর্টের স্থিতাবস্থার কথা জানিয়ে দুইবার বিবাদীদের নোটিস দেয়া হলেও তারা কাজ বন্ধ করেননি।”