২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ট্রাক-ট্রেন সংঘর্ষে রেল চলাচল ব্যাহত

গাজীপুরের কালিয়ায়কৈরে কলকাতা থেকে ছেড়ে আসা মৈত্রী এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষে ওই রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2014, 10:04 PM

Updated : 22 Aug 2022, 07:50 PM

মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কালামপুর এলাকায় এ সংঘর্ষের পর ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ২ ঘণ্টা পর অন্য ট্রেনের ইঞ্জিনের মাধ্যমে মৈত্রী এক্সপ্রেস সচল করার পর রাত ৯টার দিকে ফের ট্রেন চলাচল শুরু হয় বলে জয়দেবপুর রেলওয়ে জংশনের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মো. দাদন মিয়া  জানান।

তিনি বলেন, কালামপুর এলাকায় একটি অবৈধ ক্রসিং দিয়ে একটি ট্রাক পার হওয়ার সময় বিকল হয়ে পড়ে। ওই সময় মৈত্রী এক্সপ্রেসের ধাক্কায় ট্রাকটি দুমড়েমুচড়ে রেলপথের পাশে উল্টে যায়।

মৌচাক স্টেশনের মাস্টার মো. মিজানুর রহমান জানান, মৈত্রী এক্সপ্রেস বিকল হওয়ার পর  মির্জাপুর স্টেশনে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস, মৌচাক স্টেশনে পাবনার ঈশ্বরদীগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস এবং জয়দেবপুর জংশনে খুলনাগামী চিত্রা এক্সপ্রেস আটকা পড়ে।

সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের  ইঞ্জিন দিয়ে মৈত্রী এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার পর বিভিন্ন স্টেশনে আটকে পড়া ট্রেনগুলোও চলতে শুরু করে।

তবে মৌচাক স্টেশনে ইঞ্জিনবিহীন ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি রাত সাড়ে ৯টায়ও উদ্ধারকারী ইঞ্জিনের অপেক্ষায় ছিল। পরে  সিরাজগঞ্জ এক্সপ্রেসের যাত্রীরা চিত্রায় ওঠে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়।