২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাজী দানেশে পরীক্ষার্থীরা শংকিত

ছাত্রলীগের দুই নেতাকে বহিষ্কারের পর কর্তৃপক্ষের সঙ্গে সংগঠনটির মুখোমুখি অবস্থানের কারণে আসন্ন পরীক্ষা অনুষ্ঠান নিয়ে শংকায় পড়েছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীরা।

দিনাজপুর প্রতিনিধি

মোর্শেদুর রহমান,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2014, 05:11 PM

Updated : 22 Aug 2022, 07:51 PM

ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বনে সহযোগিতার অভিযোগে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও একটি হল শাখার সভাপতিকে কর্তৃপক্ষ সাময়িক বহিষ্কার করে গত ৪ নভেম্বর।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও ছাত্রলীগ পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন এবং থানায় জিডি করেছে।

ক্যাম্পাসে সব ধরনের সভা-সমাবেশ-মিছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিষিদ্ধ করলেও ছাত্রলীগ তাদের দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার ও ভিসির অপসারণের দাবিতে মিছিল-সমাবেশ অব্যাহত রেখেছে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. এম শাহাদৎ হোসেন খান জানান, বুধবার ফুড ও এগ্রিকালচারসহ কয়েকটি অনুষদের চূড়ান্ত পরীক্ষা হবে।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ইফতেখারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমক বলেন, উপাচার্যের একক সিদ্ধান্তে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের দুই ছাত্রকে বহিষ্কার করেছে। ওই বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং উপাচার্যকে অপসারন না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। 

অধ্যাপক শাহাদৎ হোসেন খান জানান, ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটারের মাধ্যমে অসদুপায় অবলম্বনের সময় আবুল হোসেন নামে এক পরীক্ষার্থীকে আটক করা হয়। তার স্বীকারোক্তিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্র অরুণ কান্তি রায় ও জাহিদ হাসানের সম্পৃক্ত থাকার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের শৃংখলা কমিটি তাদের সাময়িক বহিষ্কার করেছে।

আটক ছাত্রকে পুলিশের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করে ওই দুই ছাত্রের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে বলে তিনি দাবি করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী জানান, আদৌ যথাসময়ে পরীক্ষা হবে কিনা তা নিয়ে তারা উদ্বিগ্ন। তারা চান বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির সুষ্ঠু অবসান এবং দুশ্চিন্তামুক্ত পরিবেশে পরীক্ষায় অংশগ্রহনের নিশ্চয়তা।

গত ৪ নভেম্বর দুই ছাত্রকে সাময়িক বহিষ্কারের পর ৫ নভেম্বর ছাত্রলীগ নেতৃবৃন্দ ক্যাম্পাসে সংবাদ সম্মেলন করে উপাচার্যসহ কয়েকজন শিক্ষকের সমালোচনা করেন।

পরে ৭ নভেম্বর প্রগতিশীল শিক্ষক ফোরাম পাল্টা সংবাদ সম্মেলন করে এবং ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে একজন শিক্ষককে গুলি করে হত্যার হুমকির অভিযোগে থানায় জিডি করে।

এর পর ছাত্রলীগ নেতারা ৯ নভেম্বর পাল্টা সংবাদ সম্মেলন করে বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে উপাচার্য বিরোধী অবস্থনের ঘোষণা দেন। একই দিন বিকালে কয়েকজন শিক্ষক ছাত্রকে কিল-ঘুষি মেরেছেন বলে অভিযোগ তুলে থানায় একটি জিডি করে সংগঠনটি।