কারখানার বর্জ্যমিশ্রিত পানিতে ডুবে পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু
ঢাকার সাভারে একটি ডাইং কারখানার বর্জ্য শোধানাগারের হাউজে পড়ে এক পরিছন্নতা কর্মীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকালে সাভারের মজিদপুর এলাকায় ‘পাকিজা ডাইং অ্যান্ড প্রিন্ট্রিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ কারখানার হাউজ থেকে লাশটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
মৃত ইসমাইল হোসেন (৫৫) জামালপুর সদর থানার কেউধোলা এলাকার প্রয়াত লেহাজ উদ্দিনের ছেলে। সাভার পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লায় সপরিবারে বসবাস করতেন তিনি।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কবীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইসমাইল হোসেন সকাল ১০টার দিকে কারখানার বিষাক্ত বর্জ্য শোধানাগারে (ইটিপি প্ল্যান্ট) পরিষ্কার সময় ৩০ ফুট গভীর হাউজটিতে পড়ে কেমিক্যাল মিশ্রিত পানিতে তলিয়ে যান।
এ সময় সহকর্মীরা তাকে অনেক খোঁজাখুঁজি করেও উদ্ধার করতে না পেরে সাভার ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ঢাকা থেকে ডুবুরি দল গিয়ে বিকাল ৩টার দিকে তার লাশ উদ্ধার করে। পরে সাভার থানায় নিয়ে যাওয়া হয়।
সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যেকোনো ইটিপি প্ল্যান্টে কাজ করতে গেলে পর্যাপ্ত সরঞ্জামাদি থাকা দরকার। এক্ষেত্রে তার কোনো লক্ষণ দেখা যায়নি, যার ফলে এ ধরনের দুর্ঘটনা ঘটেছে।
তিনি আরো বলেন, বিশাল এ হাউজটিতে কোনো সেফটি গার্ড (রেলিং) নেই। ফলে কেউ বর্জ্যমিশ্রিত পানিতে পড়ে গেলে কারও সহযোগিতা ছাড়া উঠতে পারবে না।
নিহতের বড়ভাই আব্দুস সালাম অভিযোগ করেন, “তাৎক্ষণিক কর্তৃপক্ষ উদ্ধারের চেষ্টা করলে ভাইকে বাঁচানো যেত। কিন্তু তারা উদ্ধারের কোনো তৎপরতা দেখায় নাই।আমরা খবর পেয়ে ভেতরে যাওয়া চেষ্টা করলেও আমাদের ঢুকতে দেয়নি কারখানার নিরাপত্তা কর্মীরা।”
পাকিজা ডাইং এন্ড প্রিন্ট্রিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপক ফারুক খান চিশতি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রায় ছয় বছর যাবত ইসমাইল কারখানার পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করছিলেন। হাউজে পরিচ্ছন্নতার কাজ করার সময় পড়ে গিয়ে ডুবে যান তিনি।পরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা এসে তার মৃতদেহ উদ্ধার করেন।
বর্জ্য শোধানাগারের হাউজে ‘পর্যাপ্ত সেফটির’ ব্যবস্থা রয়েছে বলে দাবি করেন তিনি।
