২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রাবাড়ীতে আবারও পুলিশ ‘সোর্স’ খুন

একটি হত্যাকাণ্ডের তিন দিনের ব্যবধানে রাজধানীর যাত্রাবাড়ীতে খুন হয়েছেন আরেকজন পুলিশ ‘সোর্স’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2014, 01:31 PM

Updated : 22 Aug 2022, 07:51 PM

মঙ্গলবার ভোরে যাত্রাবাড়ীর বিবিরবাগিচা চার নম্বর গেইটের ভেতর একটি নির্মাণাধীন ভবনের তৃতীয় তলা থেকে ফিরোজ হোসেন (২৮) নামে ওই পুলিশ সোর্সের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত ফিরোজ মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।

এর আগে গত শনিবার রাতে একই থানার ধনিয়া এলাকায় নিজ বাসায় খুন হন পুলিশ সোর্স আসলাম মিয়া (৫৫)।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. এমরানুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফিরোজকে গলা কেটে ও হাত-পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। রাতের কোনো এক সময় তাকে হত্যা করা হয়েছে।”

যে বাসা থেকে ফিরোজের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে সেটি ফাঁকা ছিল বলেও জানান তিনি।

এমরানুল জানান, মাদক বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালতে একবার ফিরোজের সাজা হয়েছিল। মাদক ব্যবসা নিয়ে নিজেদের মধ্যে বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড হতে পারে বলে পুলিশের ধারণা।

দুই সন্তানের জনক ফিরোজের বাড়ি শরীয়তপুরে। তিনি বিবিরবাগিচায় ভাড়া থাকতেন।

ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।