ঢাকায় আনসারুল্লাহর আরেক সদস্য গ্রেপ্তার
পশ্চিমবঙ্গের বর্ধমানে জঙ্গি আস্তানায় বিস্ফোরণ নিয়ে তোলপাড়ের মধ্যে ঢাকায় সন্দেহভাজন আরেক জঙ্গি গ্রেপ্তার হয়েছেন।
মোহাম্মদপুর থেকে সোমবার রাতে গ্রেপ্তার আহমেদ ওয়াদুদ জুম্মন ওরফে সাইফুল ওরফে অর্ণব (৩০) জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলাটিমের সদস্য বলে পুলিশ জানিয়েছে।
গোয়েন্দা পুলিশের মুখপাত্র মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেছেন, মিলিটারি ইনস্টিটিউট অফ সাইন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নেওয়া সাইফুল আনসারুল্লাহ বাংলাটিমের গণমাধ্যম শাখার প্রধান মোরশেদ আলমের সহযোগী।
মোরশেদকে গত ৫ নভেম্বর রাজধানীর কল্যাণপুর থেকে গ্রেপ্তার করা হয়। সন্ত্রাসবিরোধী আইনে মামলার পর তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদও করেছে পুলিশ।
সাইফুলকে গ্রেপ্তার করা হয় মোহাম্মদপুরের শেরশাহ সূরি রোডের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার মাসুদুর রহমান জানিয়েছেন।
তিনি বলেন, সাইফুলের কাছে দুই লাখ টাকা, দুই হাজার মার্কিন ডলার, ল্যাপটপ ও মডেম এবং বিভিন্ন ধরনের জিহাদি বই পাওয়া গেছে।
মনিরুল বলেন, “২০১২ সালে এমআইএসটি থেকে ইঞ্জিনিয়ারিং পাস করার পর ওই বছরই সে ধানমণ্ডির লেক হেড গ্রামার স্কুলে শিক্ষক হিসেবে যোগদান করে। এর পর সে মোরশেদের সংস্পর্শে আসে।”
তিনি বলেন, মোরশেদের কাছ থেকে পাওয়া বিভিন্ন ভাষার ‘জঙ্গি বক্তব্য’ সাইফুর বাংলায় অনুবাদ করতেন। তা পরে মোরশেদ ১১৭টি ব্লগে পোস্ট করতেন।
সাইফুল আল কায়দার সাময়িকী ‘ইন্সপায়ার’ এর পঞ্চম খণ্ড বাংলায় অনুবাদ করেন বলে গোয়েন্দা কর্মকর্তা মনিরুল দাবি করেন।
“এরা (জঙ্গি) সবাই আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করত,” বলেন তিনি।
গত ২ অক্টোবর বাংলাদেশলাগোয়া পশ্চিমবঙ্গের খাগড়াগড়ে সন্দেহজনক একটি বাড়িতে বিস্ফোরণে দুজন নিহত হওয়ার পর ভারতের গোয়েন্দাদের তদন্তে ভারত-বাংলাদেশ ‘জঙ্গি নেটওয়ার্কের’ সন্ধান মেলে।
এরপর ১২ জঙ্গির সন্ধানে ভারতের জাতীয় গোয়েন্দা সংস্থা এনআইএ পুরস্কার ঘোষণা করে, এর মধ্যে কয়েকজন বাংলাদেশি বলে ভারতের গোয়েন্দাদের দাবি।
এদের মধ্যে সাজিদ নামে একজনকে পশ্চিমবঙ্গে গ্রেপ্তারের পর বাংলাদেশের নারায়ণগঞ্জে তার ভাইকে র্যাব গ্রেপ্তার করেছে। এরা নিষিদ্ধ জেএমবির সদস্য বলে ভারতের গোয়েন্দাদের দাবি।
আনসারুল্লাহ বাংলাটিমের নাম প্রথম আলোচনায় আসে গত বছরের শেষ দিকে। অগাস্টে বরগুনা থেকে এ সংগঠনের প্রধান মুফতি জসীম উদ্দিন রাহমানীসহ ৩১ জনকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ঢাকার মোহাম্মদপুরে জসীমের বাসা ও অফিসে অভিযান চালিয়ে কম্পিউটার, ল্যাপটপ, সিডিসহ উসকানিমূলক বই উদ্ধার করা হয়।
তখন গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে বলা হয়, ‘জিহাদের’ মাধ্যমে সরকার হটানোর লক্ষ্যে আনসারুল্লাহ বাংলা টিম থানা থেকে অস্ত্র লুট ও বিভিন্ন স্থাপনায় হামলার পরিকল্পনা করেছিল।
জসীমসহ এ সংগঠনের ১০ সদস্যের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গত ১৬ সেপ্টেম্বর অভিযোগপত্রও দিয়েছে পুলিশ।
