রংপুর বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট
এক আওয়ামী লীগ নেতা খুনের পর গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগের প্রতিবাদে রংপুর বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডেকেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।
সংগঠনটির রংপুর বিভাগের সাধারণ সম্পাদক আবদুল মজিদ মঙ্গলবার সকালে এ ধর্মঘটের ডাক দেন।
হত্যাকাণ্ডের জন্য মজিদের ভাগ্নে স্থানীয় যুবলীগ নেতা আশরাফুল আলমকে দায়ী করে তার কার্যালয়ে ভাংচুর এবং যানবাহনে অগ্নিসংযোগ করে নিহত ইমরান হোসেনের সমর্থকরা। মজিদের বাড়িতেও হামলার চেষ্টা হয়।
সোমবার রাতের কোনো এক সময় রংপুর সিটি কর্পোরেশনের ৩০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পদক ইমরান হোসেনকে কুপিয়ে নগরীর সাতমাথা এলাকায় ফেলে যায় দুর্বৃত্তরা।
ভোরের দিকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ইমরানকে মৃত ঘোষণা করেন বলে কোতোয়ালি থানার ওসি আবদুল কাদের জিলানী জানান।
ইমরানের চাচা দুলাল মিয়ার অভিযোগ, মহানগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ও জেলা পিকআপ মালিক সমিতির সভাপতি আশরাফুল আলম জড়িত।
এলাকার আধিপত্য নিয়ে বেশ কিছুদিন ধরেই তার ভাতিজার সঙ্গে আশরাফুলের বিরোধ চলছিল বলে জানান তিনি।
বিক্ষুব্ধ সমর্থকরা সাতমাথা মোড়ে আশরাফুলের পিকআপ মালিক সমিতির কার্যালয় পুড়িয়ে দেয় এবং কার্যালেয়ের পাশে মিনিবাস স্ট্যান্ডে থাকা তিনটি মিনিবাস, তিনটি মোটর সাইকেল ও একটি প্রাইভেট কারে আগুন দেয়। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের গাড়িও ভাংচুরের শিকার হয়।
এক পর্যায়ে তারা আশরাফুলের মামা আবদুল মজিদের বাড়িতে হামলার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়।
এর ঘণ্টা দুই পর পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতা আবদুল মজিদ ধর্মঘটের ঘোষণা দিয়ে বলেন, রংপুর বিভাগের আট জেলায় অনির্দিষ্টকালের জন্য এই পরিবহন ধর্মঘট চলবে।
ইমরান হত্যায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমরা এর সঙ্গে জড়িত নই। মোটর মালিক সমিতির এক নেতার ইন্ধনে এ ঘটনা ঘটেছে। আর দোষ আমাদের ওপর চাপানোর চেষ্টা হচ্ছে।”
সকালে যুবলীগ নেতা আশরাফুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
