লুৎফরের ভোট ‘জালিয়াতির’ও প্রমাণ
অর্থ অপব্যবহারের পর এবার লন্ডনের টাওয়ার হ্যামলেটের মেয়র বাংলাদেশি বংশোদ্ভূত লুৎফর রহমানের ভোট জালিয়াতির প্রমাণও মিলেছে।
যুক্তরাজ্যের দ্য টেলিগ্রাফে সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর মে মাসে অনুষ্ঠিত নির্বাচনের ভোট পুনর্গণনা করে ‘উল্লেখযোগ্য অনিয়মের’ প্রমাণ পেয়েছে আদালত।
ওই নির্বাচনে লন্ডনের ওই স্থানীয় কাউন্সিলে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন লুৎফর। লেবার পার্টি থেকে বহিষ্কৃত হয়ে ‘টাওয়ার হ্যামলেটস ফার্স্ট’ গ্রুপ গঠনকারী এই প্রার্থীর বিরুদ্ধে তখনই নির্বাচন প্রভাবিত করার অভিযোগ উঠেছিল।
এরপর লুৎফরের বিরুদ্ধে আদালতে অভিযোগ উঠলে প্রথম পদক্ষেপ হিসেবে ভোট পুনর্গণনা করে আদালত। আগামী জানুয়ারিতে অভিযোগের পূর্ণাঙ্গ বিচারিক প্রক্রিয়া শুরু হতে পারে।
তবে পুনর্গণনায় কারচুপির যে প্রমাণ পাওয়া গেছে, তাতে ওই নির্বাচনের ফল পাল্টে যেতে পারে বলে টেলিগ্রাফ জানিয়েছে।
সংবাদপত্রটির প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে একজন বিচারকের উপস্থিতিতে কঠোর গোপনীয়তায় ওই নির্বাচনের প্রাপ্ত ভোট নতুন করে গণনা করা হয়।
মে’র নির্বাচনে অংশ নেওয়া প্রত্যেক প্রার্থীর পক্ষে পড়া ৫০টি ব্যালটের একেকটি বান্ডেল করা হয়। পরে বান্ডেলগুলো গণনা করেই প্রার্থীদের প্রাপ্ত ভোটের হিসাব করা হয়।
গত সপ্তাহের সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত লন্ডন হাই কোর্টের কর্মকর্তারা লুৎফর রহমানের কয়েকশ বান্ডেল ব্যালট নতুন করে গুনে দেখেন।
এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত একজন টেলিগ্রাফকে জানিয়েছেন, গণনায় এমন ‘উল্লেখযোগ্য অনিয়ম’ ধরা পড়েছে, যা মূল গণনা সম্পর্কে ওঠা অভিযোগকে শক্ত ভিত্তি দিয়েছে।
“লুৎফর রহমানের বেশ কিছু বান্ডেলে তার পক্ষে ৫০টির কম ভোট ছিল, আবার কিছু বান্ডেলে অন্য প্রার্থীদের ব্যালটও ছিল। উল্লেখযোগ্য সংখ্যক ব্যালট পেপারে লুৎফর রহমানের প্রতিদ্বন্দ্বী জন বিগসের নাম কেটে তার নাম বসানো হয়েছে।”
“অধিকাংশ অনিয়মই রহমানের পক্ষে করা হয়েছে,” বলেন পুনর্গণনায় সম্পৃক্ত ওই ব্যক্তি।
নির্বাচনে জন বিগস লেবার পার্টির প্রার্থী হিসেবে লড়েছিলেন। লুৎফর নিজেও এক সময় লেবার পার্টি করতেন, উগ্র ইসলামী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তাকে বহিষ্কার করে দলটি।
লুৎফরের কাছে মাত্র ৩ হাজার ২৫০ ভোটের ব্যবধানে হেরে যাওয়ার পর গত জুনে বিগস লুৎফরের সমর্থকদের বিরুদ্ধে ভোট জালিয়াতির অভিযোগ তোলেন। বিশেষ করে ডাকযোগে দেওয়া ভোট জালিয়াতির দিকেই তার অভিযোগের আঙুল ছিল।
লুৎফরের সমর্থকদের বিরুদ্ধে ভোট কেন্দ্র দখল করে ভোটারদের হুমকি দেওয়ার পাশাপাশি তাদের নির্দশনা মতো ভোট দেওয়ায় চাপ সৃষ্টির অভিযোগ করেছিলেন ছয় জন ভোটার। তারা দাবি করেছেন, তাদের অন্তত ১১ জন সাক্ষীকে ভয়ভীতি দেখানো কিংবা হুমকি দেওয়া হয়েছিল।
অভিযোগে তারা জানিয়েছিলেন, অনেক ভোটার কেন্দ্রে গিয়ে দেখেছেন, তাদের ভোট দেওয়া হয়ে গেছে। অনেকে ডাক যোগে ভোট দেওয়ার ইচ্ছে জানালেও তা আমলে নেওয়া হয়নি। অনেকের ব্যালট পেপার লুৎফরের সমর্থকরা নিয়ে গিয়েছিলেন। নাম-ঠিকানাবিহীন ভোটারও ভোট দিয়েছে বলে অভিযোগ রয়েছে।
ভোটারদের ভয়ভীতি দেখানোর সঙ্গে লুৎফরের সরাসরি জড়িত থাকার কোনো প্রমাণ না মিললেও অভিযোগের তদন্ত বাধাগ্রস্ত করতে তিনি কয়েকদফা চেষ্টা করেছেন বলে টেলিগ্রাফের প্রতিবেদনে দাবি করা হয়েছে।
সবশেষ তিনি অভিযোগকারীদের আইনজীবী ব্যারিস্টার ফ্রান্সিস হোয়ারের বিরুদ্ধে সাক্ষীদের ভয়ভীতি দেখানোর অভিযোগ তুলে তার অপসারণ দাবি করেন।
এর আগে অনিয়মের মাধ্যমে নিজের সমর্থকদের সুবিধা দেওয়ার পাশাপাশি নিজের নির্বাচনী প্রচারে লুৎফর কাউন্সিলের অর্থ ব্যয় করেছেন বলে প্রাইসওয়াটারহাউজ কুপারসের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে।
‘অযোগ্য’ প্রতিষ্ঠানকে লুৎফর অনুদানের অর্থ বরাদ্দ দিয়েছেন বলে প্রমাণ মেলার কথাও জানিয়েছিল নিরীক্ষা প্রতিষ্ঠানটি, যে প্রতিষ্ঠানগুলোর মধ্যে উগ্রবাদী সংগঠনও রয়েছে বলে অভিযোগ।
